নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গ্যাস সিলিন্ডার লিক করে শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এক গৃহবধূ। তা নিয়ে মামলার জেরে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি ও ডিস্ট্রিবিউটারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হুগলি জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। মোট এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। শুধু তাই নয়, অনাদায়ে ৯ শতাংশ সুদ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ওয়াকিবহাল মহলের দাবি, কার্যত একটি বেনজির রায় হয়েছে। হুগলি ক্রেতা সুরক্ষা আদালতের চেয়ারম্যান গোপালকিশোর সিনহা এবং দুই সদস্য সুদীপ মজুমদার ও মীনাক্ষী ঘোষের বেঞ্চ এই রায় দিয়েছে।
২০২৩ সালের ১১ আগস্ট ভদ্রেশ্বরের গৃহবধূ সুতপা কোলে রান্না করতে গিয়ে জখম হয়েছিলেন। গ্যাস সিলিন্ডার লিক করার কারণে তিনি আগুনে জখম হন। সেইসঙ্গে তাঁর রান্নাঘরও পুড়ে গিয়েছিল। পরে গ্যাস পরিবেশক কোম্পানির তরফে তদন্ত করে সিলিন্ডার খারাপ থাকার কথা স্বীকার করে নেওয়া হয়। কিন্তু কোনো ক্ষতিপূরণ তাঁকে দেওয়া হয়নি। এ নিয়ে সুতপাদেবীর পরিবার ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে। ওই মামলার আইনজীবী ছিলেন নম্রতা দাস। অভিযোগ, মামলা চালকালীন গ্যাস সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পরিবেশকের তরফে কেউ শুনানিতে হাজির হয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ৭৫ হাজার টাকা ও পরিবেশক সংস্থাকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে হবে, জানিয়েছে বেঞ্চ। এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। রায়ে খুশি সুতপাদেবী জানিয়েছেন, ত্রুটিপূর্ণ সিলিন্ডারের কারণে সেদিন আরও বড়ো ক্ষতি হতে পারত।