ঘূর্ণিঝড়ের পর ঘূর্ণাবর্ত, অসময়ে গরম দক্ষিণবঙ্গে
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের একেবারে শেষলগ্নে এসেও বেশ গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। শহর এলাকায় রাতেও পাখা চালানোর মতো পরিস্থিতি রয়েছে। তবে এই অবস্থার খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন, হঠাৎ গরম পড়ে যাওয়ার কারণ মূলত ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করে। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও উত্তর-পশ্চিম বাংলাদেশ ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত কয়েকদিন ধরে অবস্থান করছে। এর প্রভাবেও বাতাসে জলীয় বাষ্প ঢুকছে। 

Advertisement

জলীয় বাষ্প অধিক মাত্রায় থাকার ফলে মূলত অসময়ে গরম অনুভূত হচ্ছে।  শনি ও রবিবার কলকাতায় সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল যথেষ্ট বেশি (৮০ শতাংশের আশপাশে)। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস সোমবার জানান, এই ঘূর্ণাবর্তটি এবার সরে যাবে। ফলে পরিস্থিতির পরিবর্তন হবে। আগামী  বৃহস্পতিবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটা এইসময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় ৪.৪ 
ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে 
পারে। তবে তা ২০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২২-২৪ ডিগ্রির মধ্যে রয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।