নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ১৬ নভেম্বর সন্ধ্যা নাগাদ মধ্য বঙ্গোপসাগরে এই মরশুমের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ সৃষ্টি হতে চলেছে। জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এটির গতিপ্রকৃতি কী হবে, অর্থাৎ উপকূলের কোনদিকে যাবে সেই ব্যাপারে শুক্রবার কিছু বলা হয়নি। তবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার কলকাতায় এবং উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি মাত্রায়।
১৮ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়টি কোনদিকে যাবে তা এখনো পরিষ্কার নয়। তবে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হলে তার পরোক্ষ প্রভাবও দক্ষিণবঙ্গে কিছুটা পড়ে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার কারণে বৃষ্টির মেঘ তৈরি হয়। তাই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় ১৯ নভেম্বর বৃষ্টি হতে পারে। পরবর্তী দিনগুলির পূর্বাভাস এদিন দেওয়া হয়নি। আবহাওয়াবিদরা বলছেন, ‘আকভান’ কোনদিকে যাবে দিনদুয়েকের মধ্যে তার আঁচ পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি আপাতত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শক্তিশালী হতে থাকবে। আগামীকাল রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ১৮ নভেম্বর বুধবার পর্যন্ত এই সিস্টেমের বিশেষ কোনো প্রভাব রাজ্যে পড়বে না। জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া মডেলগুলি আগেই বলেছে, অন্ধ্র উপকূল বা বাংলাদেশ-মায়ানমারের দিকেই ঘূর্ণিঝড়টির যাওয়ার সম্ভাবনা বেশি। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পরই অবশ্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই ব্যাপারে তাদের পূর্বাভাস দেবে।



