Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাথরপ্রতিমায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি, ভাঙল বহু গাছপালা

পাথরপ্রতিমায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি, ভাঙল বহু গাছপালা
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার গভীর রাতে খানিক্ষণের ঘূর্ণিঝড়। তাতে ক্ষতিগ্রস্ত পাথরপ্রতিমা থানার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০টি বাড়ি। ভেঙেছে প্রচুর গাছপালাও। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। কয়েকটি পানের বরজও ক্ষতিগ্রস্ত। রাত তিনটে নাগাদ শিবনগর আবাদ, ছোট বনশ্যামনগর ও গঙ্গাপুর গ্রামের উপর দিয়ে প্রবল গতিবেগে ঘূর্ণিঝড় বইতে শুরু করে। গভীর রাত বলে সবাই ঘুমিয়ে। ঝড়ের তাণ্ডবে ঘুম ভেঙে যায় গোটা গ্রামের। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। প্রায় ২০ মিনিট ধরে ঘূর্ণিঝড় স্থায়ী হয়। এটুকু সময়ের মধ্যেই পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। একাধিক বাড়ির ছাদের টালি, খড় ও অ্যাসবেস্টস উড়ে যায়। গাছ ভাঙে। পানের বরজ মাটিতে গড়িয়ে পড়ে। তার ছিঁড়ে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। অরুণকুমার জানা নামে ছোট বনশ্যামনগরের এক বাসিন্দা বলেন, ‘এই গ্রাম পঞ্চায়েত এলাকা ছোট একটি দ্বীপ। অতীতেও বহু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় যে এত ভয়ঙ্কর হতে পারে তা জানা ছিল না। বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মণ্ডল বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল পাঠানো হয়েছে। পঞ্চায়েতের কর্মীরা এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে।’-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ