হাওড়া-আমতা রোডে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তার পাশে জমে আবর্জনার স্তূপ। ফলে বাঁদিক ঘেঁষে সাইকেল চালানোর উপায় নেই। তার মধ্যেই পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা দিল এক সাইকেল আরোহীকে। তাতে রাস্তায় ছিটকে পড়ে সেই লরির চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হল ওই সাইকেল আরোহীর। রবিবার দুপুরে বালটিকুরির জাপানি গেটের কাছে হাওড়া-আমতা রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাজকুমার দাস (৪০)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২টা নাগাদ বাজার করে সাইকেলে বাড়ি ফিরছিলেন রাজকুমারবাবু। সেই সময় বাঁকড়া থেকে হাওড়াগামী একটি লরি দ্রুতগতিতে পিছন থেকে এসে তাঁর সাইকেলে ধাক্কা দেয়। তাতে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এরপর ওই লরির চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে রাস্তার পাশের সিসি ক্যামেরায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার বাঁদিক ঘেঁষেই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাজকুমারবাবু। আচমকাই নিয়ন্ত্রণহীন গতিতে এসে তাঁকে ধাক্কা দেয় লরিটি, এবং পিষে দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পরই তীব্র ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার পাশে থাকা ভ্যাট থেকে আবর্জনা উপচে পড়ছে। ফলে রাস্তার বাঁদিকে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। এদিনের মৃত্যুর পিছনেও বেপরোয়া লরির গতির পাশাপাশি রাস্তার পাশে জমে থাকা আবর্জনাকে দায়ী করেছেন তাঁরা। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। খবর পেয়ে দাশনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।