নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রথাগত শিক্ষায় উৎসাহ হারাচ্ছে পড়ুয়ারা। তাই বিভিন্ন ধরনের পেশাগত কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা অন্যালাইসিস কোর্স চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে। পরের ধাপে মেডিকেল টেকনলেজি, হেরিটেজ টেকনলেজি নিয়েও ডিপ্লোমা কোর্স চালু করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি শঙ্করকুমার নাথ বলেন, ধাপে ধাপে আরও বেশ কয়েকটি কোর্স চালু করা হবে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা অন্যালাইসিসে ডিপ্লোমা করতে বেশ কয়েকজন পড়ুয়া ভর্তি হয়েছে। পরের বছর থেকে ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবার বহু কলেজেই আসন ফাঁকা থেকে গিয়েছে। পড়ুয়ারা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনার দিকে ঝুঁকছেন। এমএ, এমসি পাশ করার পরও অনেকেই চাকরি পাচ্ছেন না। সেই কারণে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে টেকনিক্যাল বিষয়ে আগ্রহ বেড়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, প্রাচীন এই বিশ্ববিদ্যালয় তৃণমূলের জমানায় পিছিয়ে পড়েছিল। এক সময় এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের বহু কসরত করতে হতো। এখন আসন ফাঁকা থাকছে। এই অবস্থা কেন হয়েছে তা নিয়ে পর্যলোচনা করা দরকার। পেশাদার বিভিন্ন ধরনের কোর্স আগেই চালু করা দরকার ছিল। সেটা হলে এই পরিস্থিতি হতো না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন নতুন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। এতে পড়ুয়ার সংখ্যা বাড়বে। তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোঁয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স চালু হলে ভালোই হবে। এক আধিকারিক বলেন, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস নিয়ে এবারই প্রথম পড়াশোনা শুরু হচ্ছে। প্রথম বছরে সাড়া পাওয়া যায়নি। কম সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। অনেকে হয়তো বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। সামনের বছর থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। এই সমস্ত কোর্সগুলির প্রতি পড়ুয়াদের আগ্রহ থাকবে। উচ্চমাধ্যমিক পাশের পরই পড়ুয়ারা বিভিন্ন ধরনের কোর্স করতে আগ্রহ দেখাচ্ছে। সেই কারণে অর্নাসের আসনও ভর্তি হচ্ছে না।



