নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সবারই ট্রেনিং নেওয়া। এমনকি, মাসিক বেতনও রয়েছে! ভিড় বাস, ট্রেন, ভরা বাজারে ঘুরে ঘুরে মোবাইল চুরি করাই তাদের কাজ! তবে দামি ফোন হাতানো তাদের উদ্দেশ্য নয়। এই প্রতারকদের আসল উদ্দেশ্য হল গ্রাহকের ফোনের সিমকার্ড। সেই কার্ড দিয়েই সাইবার প্রতারণা চালানো হচ্ছে। নিজেদের ফোনে ওই সিমকার্ড ভরে ডাউনলোড করছে ইউপিআই পেমেন্ট অ্যাপ। তারপর ১ ঘণ্টায় ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। তবে যাঁদের অ্যাকাউন্টে টাকা থাকছে না, তাঁদের অ্যাকাউন্ট প্রতারণার টাকা রাখতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার তদন্তে এমনই তথ্য উঠে এসেছে রাজ্য পুলিশের হাতে। জেলায় জেলায় এখন এই অপরাধ বাড়ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল এলাকায় ‘মিস্ত্রি গ্যাং’ বলে একটি গ্যাং রয়েছে। তারাই এখন নিজেদের নেটওয়ার্ক বাড়িয়ে বড়ো মোবাইল গ্যাং বানিয়েছে। মাস শেষে মাইনে দেওয়ার সিস্টেমও নজরে এসেছে। পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। তারা ফোন বিক্রি করে টাকা জোগাড়ের জন্য মোবাইল চুরি করছে না। ফোন থেকে সিমকার্ড খুলে অপরাধ করার জন্যই চুরি করছে তারা। অনেকের ফোন পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে লক করা থাকে। তাতে কিছু যায় আসে না। কারণ, গ্যাংয়ের সদস্যরা প্রথমেই সিমকার্ড খুলে নিচ্ছে। গ্রাহকের ফোন তারা ব্যবহারই করছে না। নিজেদের ফোনে সেই সিমকার্ড দিয়ে ডিজিটাল পেমেন্ট অ্যাপ সহ বিভিন্ন অ্যাপ ডাউনলোড করছে।
যে কোনো পেমেন্ট অ্যাপ চালু করার জন্য ওটিপি ভেরিফিকেশন আসে। সিমকার্ড প্রতারকের মোবাইলে থাকায় ওটিপি তাদের কাছেই যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট অ্যাপ দিয়ে অনলাইন ট্রানজাকশনসহ অ্যাপের কিউআর কোড দিয়ে এটিএম থেকেও টাকা তুলে নিচ্ছে। সেই মেসেজও প্রতারকদের কাছেই যাচ্ছে। যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা কম থাকে বা একদম নেই, তাদের অ্যাকাউন্টে অন্য প্রতারণার টাকা রাখছে তারা। ফলে যে গ্রাহকের ফোন হারিয়েছে, তিনি অপরাধের শিকার হওয়ার পাশাপাশি অভিযুক্তও হয়ে যাচ্ছেন নিজের অজান্তে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘ফোন হারালে বা চুরি হলে থানায় জিডি করার আগে যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ার বা ১৯৮-এ ফোন করে সিমকার্ড ডিঅ্যাক্টিভেট করাতে হবে। কারণ, ১-২ ঘণ্টার মধ্যে প্রতারকরা অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে।’



