নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে বদলে গিয়েছে আর্থিক লেনদেন। সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন জনপ্রিয় হয়ে উঠেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণাও। সাইবার প্রতারকদের সহজ নিশানা হয়ে উঠছে ঝাড়গ্রামের স্কুল ও কলেজের পড়ুয়ারা। কমিশনের প্রলোভন দেখিয়ে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন হচ্ছে। বিনিময়ে পড়ুয়াদের হাতে দু’-পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে। রবিবার ভোরে জেলা সাইবার থানার তদন্তকারী দল হাওড়ার পাঁচলা থানা এলাকা থেকে অর্ঘ্যদীপ প্রধান নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। সে এই চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। রবিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক আটদিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। শিক্ষামহল ও অভিভাবকদের মধ্যে এই উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি দেশজুড়ে সাইবার প্রতারণা চালানো একটি চক্রের অন্যতম মাথাকে ঝাড়গ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগস্ট মাসে অন্যের নথি ব্যবহার করে সিমকার্ড বিক্রির অভিযোগে সাঁকরাইল থানার বাসিন্দা দু’জনকে গ্ৰেপ্তার করা হয়েছিল। জেলার একধিক স্কুল ও কলেজের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকার লেনদেনের অভিযোগ সামনে আসছিল। ঝাড়গ্রাম সাইবার থানায় তিনটি অভিযোগ দায়ের করা হয়। এরপরই জেলা সাইবার দপ্তর নড়েচড়ে বসে। তদন্তকারী দলের অফিসাররা জানতে পারেন, প্রতারক চক্র জেলার বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের নিশানা করছে। প্রলোভন দেখিয়ে তাঁদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হচ্ছে। এরপর অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা পড়ছে। জমা পড়া ওই টাকা প্রতারকদের হাতে তুলে দেওয়ার বিনিময়ে পড়ুয়াদের সামান্য কমিশন দেওয়া হচ্ছে। জেলা সাইবার দপ্তরের তদন্তকারী অফিসারদের দাবি, জেলার একাধিক স্কুল ও কলেজের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে। চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশের তদন্তের আঁচ পেয়েই অভিযুক্ত দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। প্রতারকরা পড়ুয়াদের টার্গেট করায় জেলার পুলিশ মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। জেলা সাইবার দপ্তরের এক আধিকারিক বলেন, অন্যদের দিয়ে বেআইনি টাকার লেনদেনে বেশি কমিশন দিতে হয়। পড়ুয়াদের সামান্য টাকা দিয়েই কাজ হয়ে যায়। সেকারণে পড়ুয়াদের নিশানা করা হচ্ছিল।
ঝাড়গ্রাম শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠান কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, অল্পবয়সি স্কুলপড়ুয়াদের টাকার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা হবে। বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উমা ভৌমিক বলেন, নিঃসন্দেহে এই ঘটনা দুশ্চিন্তার। কলেজের তরফে সাইবার প্রতারণা নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা শিবির করা হয়। এই বিষয়টি নিয়ে পড়ুয়াদের সচেতন করা হবে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্যের হাতে তুলে দেওয়া বা কমিশনের বিনিময়ে অন্যের টাকা লেনদেন গুরুতর আইনি বিপদ ডেকে আনতে পারে। একাধিক অভিযোগের ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলার স্কুল ও কলেজগুলিতে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।



