নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সংবাদদাতা, বনগাঁ: সাইবার প্রতারণার অভিযোগ দু’টি পৃথক ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার থানার পুলিশ। ধৃতরা বনগাঁ পুলিশ জেলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার বনগাঁ আদালত ধৃতদের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।
মূলত নিরীহ মানুষদের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে প্রতারণা করত। নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকার কথা বলে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিত। কিছু টাকা দেওয়ার প্রলোভন দিত। পরবর্তীতে তাঁর চেক বই, এটিএম কার্ড সহ ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার লেনদেন করত অভিযুক্তরা। এদিন ধৃতকে দুজনের মধ্যে একজন প্রতারক। অন্যজন, অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। জানা গিয়েছে, অভিযুক্তরা এক দিনে একটি ব্যাংক অ্যাকাউন্টে ৬৫ বারের বেশি আর্থিক লেনদেন করেছে। বিভিন্ন জায়গা থেকে টাকা আসত অ্যাকাউন্টে। সেগুলি ব্যাংক কিংবা এটিএমের মাধ্যমে তুলে নেওয়া হত। এমনকি অন্যের নথি হাতিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেও বেআইনি আর্থিক লেনদেন করত অভিযুক্তরা।
এদিকে, নৈহাটিতে সাইবার প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল, এরশাদ আলি ও শাহনওয়াজ আলম। এরশাদের চায়ের দোকান আছে। তাঁর অ্যাকাউন্ট ভাড়া হিসাবে খাটানোর অভিযোগ উঠেছে শাহনওয়াজ আলমের বিরুদ্ধে।