Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হারানো মোবাইল থেকেই সিঁদ কাটছে সাইবার অপরাধীরা! মোবাইল ফেরত দিয়ে সতর্ক করল পুলিশ

বাসে, ট্রামে অলক্ষ্যে হারিয়ে যাওয়া মোবাইলই এখন তুরুপের তাস সাইবার অপরাধীদের কাছে।

হারানো মোবাইল থেকেই সিঁদ কাটছে সাইবার অপরাধীরা! মোবাইল ফেরত দিয়ে সতর্ক করল পুলিশ
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বাসে, ট্রামে অলক্ষ্যে হারিয়ে যাওয়া মোবাইলই এখন তুরুপের তাস সাইবার অপরাধীদের কাছে। একবার মোবাইল ফোনটি হাতছাড়া হলেই নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে মোবাইল মালিকের ব্যাঙ্ক ব্যালেন্স! আধারে যুক্ত মোবাইল হাতে পেলেই কেল্লাফতে। থানায় ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে৷ 

Advertisement

বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ এমনই ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল  উদ্ধার করে ফেরত দিয়েছে মালিকদের। শুধু তাই নয়, সাইবার সম্পর্কে তাঁদের নানা ভাবে সচেতনও করেছেন পুলিশ অফিসাররা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেলে সাইবার অপরাধীদের কেল্লাফতে। কারণ সেখানেই ওটিপি পাঠিয়ে তারা গ্রাহকের ব্যাংক ব্যালেন্সে সিঁদ কাটছে। গত জুলাই মাসে শুধু কাটোয়া থানা থেকেই ৩২ লক্ষ টাকা সাইবার জালিয়াতির শিকার হয়েছেন বহু মানুষ।  যদিও সেখান থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধারও করা গিয়েছে। পুলিশের দাবি, সচেতন করা হলেও এখনও সাইবার অপরাধ কমেনি৷ এখনও গ্যাসের ভরতুকির নামে ওটিপি পাঠিয়ে টাকা গায়েব করা হচ্ছে। এমনকী, কন্যাশ্রীর জন্য আধার সংশোধনের নামেও ভুল আপ্লিকেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধীরা।
দাঁইহাটের নওদাপাড়া জুনিয়র স্কুলের শিক্ষক শুভাশিস রায় সাইবার অপরাধীদের পাল্লায় পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন৷ তিনি সেই টাকা ফেরত পেয়েছেন৷ এদিন তাঁর হাতে চেক তুলে দেন এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। শুভাশিস রায় বলেন, আধার সংশোধনের নামে আমাকে একটি অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল প্রতারকরা৷ আমি ভুল করে সেখানেই যাবতীয় তথ্য দিয়ে ফেলেছিলাম৷ তারপরেই দেখি অ্যাকাউন্ট থেকে ১ লক্ষের বেশি টাকা উধাও হয়ে গিয়েছিল৷ সেই টাকা এবার ফেরত পেলাম৷ 
এসডিপিও সতর্ক করে বলেন, সাইবার অপরাধীরা নানা ধরনের জিনিসকে সামনে রেখে টোপ দেয়। তারপরেই তাঁরা দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব ফাঁকা করে দেয়। তাই যে মোবাইলের সঙ্গে ব্যাংক, আধার যুক্ত রয়েছে, তা সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন এসডিপিও।  

Advertisement
সম্পর্কিত সংবাদ