নাবালিকা অবস্থায় সন্তান প্রসব, প্রাপ্তবয়স্ক হয়ে মাতৃত্ব দাবি করতেই বিপাকে সিডব্লুসি, মুরারিপুকুর থেকে উদ্ধার শিশুকে দত্তক নিয়েছে অন্য পরিবার
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: তিনবছর আগেও যে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েও আপন করে নিতে পারেননি, তাকেই ফিরে পেতে এখন মরিয়া মা। অথচ  মাঝের এই কয়েকটা বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। নর্দমা থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত এখন অন্যের কোলে, আনুষ্ঠানিকভাবে ‘দত্তক’ নেওয়া সন্তান। অন্য এক পরিবারের পরিচয়ে বড় হচ্ছে। যে মা সামাজিক কারণ ও পারিবারিক চাপে সন্তানকে হারিয়েছিলেন, আজ তিনি মাতৃত্বের স্বাদ পেতে থানা ও আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু আদৌ কি তিনি সন্তানকে ফেরত পাবেন, তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই শিশু সন্তানকে রাখার দায়িত্বে থাকা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লুসি) সমস্ত পদ্ধতি মেনে তাকে দত্তক দিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে মানিকতলা থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকতলা থানা এলাকার মুরারিপুকুর রোড এলাকায় একটি নর্দমা থেকে সদ্যজাত এক শিশু সন্তানকে উদ্ধার করা হয় ২০২৪ সালের জুন মাসে। তার দেহে অল্পবিস্তর কিছু আঘাত ছিল। তাকে উদ্ধার করে মানিকতলা থানা। পাঠানো হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সুস্থ হয় ওই শিশু। পরে তুলে দেওয়া হয় সিডব্লুসির হাতে। কিন্তু এই শিশুটি কার এবং কে তাকে ফেলে গেল, এই নিয়ে শুরু হয় তদন্ত। জানা যায়, শিশুটির জন্ম দেন এক নাবালিকা। কিন্তু সে সময় ওই সন্তান ছিল পরিবারের কাছে লজ্জার কারণ। অভিযোগ, অবৈধ সন্তান হওয়ায় তাকে নর্দমায় ফেলে আসে মেয়েটির ঠাকুমা। তদন্তে উঠে আসে, ওই নাবালিকা স্থানীয় এক নাবালকের সঙ্গে সম্পর্কে জড়ায়, ঘনিষ্ঠ হয়। গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। ২০২৪ সালের ১৩ জুন জন্ম নেয় ওই সন্তান।  বিয়ের আগেই সন্তান জন্ম নেওয়ায় পরিবারে অশান্তি শুরু হয়। শিশুকে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নাবালিকার ঠাকুমা। তখনই নাবালিকার ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল। তার রিপোর্টে দেখা গিয়েছিল, ওই শিশু সন্তান তারই। কিন্তু তখন কেউ দাবি না করায় পুলিশের তরফে সিডব্লুসির কাছে ওই শিশুটিকে তুলে দেওয়া হয়। এরপর নিয়ম মেনে এক নিঃসন্তান দম্পতি ওই ছেলে শিশুটিকে দত্তক নেয়।
নাবালিকা ও নাবালক প্রাপ্তবয়স্ক-প্রাপ্তবয়স্কা হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন। প্রাপ্তবয়স্কা অস্মিতা পোদ্দার এতদিনে সব ঘটনা জেনেছেন। এরপরই সন্তানের অধিকার চেয়ে কয়েকমাস আগে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন। তিনি পুলিশের কাছে দাবি করেছেন, যখন সন্তানের জন্ম দেন, তখন অজ্ঞান ছিলেন। কিছুই জানতে পারেননি। সন্তানকে খুঁজে পাননি। এখন সব জানতে পেরে নিজের সন্তানকে ফিরে পাওয়ার দাবি নিয়ে সরব হয়েছেন। বিষয়টি গড়িয়েছে শিয়ালদহ আদালত পর্যন্ত। কিন্তু জন্মদাত্রী মায়ের কাছে সন্তানকে কি আদৌ ফেরানো সম্ভব কি না, সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। তবে তদন্তকারীরা প্রশ্ন তুলছেন সিডব্লুসির ভূমিকা নিয়েও।  নাবালিকা প্রাপ্তবয়স্কা হওয়ার আগেই কীভাবে দত্তক দিয়ে দেওয়া হল, এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। প্রাথমিকভাবে তদন্তকারীরা বুঝতে পারছেন, এক্ষেত্রে শিশুটির জন্মদাত্রী মায়ের সঙ্গে কোনও কথাই বলা হয়নি। তবে যে নিঃসন্তান দম্পতি তাকে দত্তক নিয়েছেন সেটিও হয়েছেন নিয়ম মেনেই। সেক্ষেত্রে তাঁদের কাছ থেকে ওই শিশু সন্তানকে ফেরত পাওয়া সম্ভব নয়। সবমিলিয়ে ওই শিশুর ভবিষ্যত কী হবে সেটাই এখন দেখার!