Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

স্বয়ং ট্রাম্পকে অমান্য! ২২০ কোটি ডলার অনুদান বন্ধ হল হার্ভার্ডের

স্বয়ং ট্রাম্পকে অমান্য! ২২০ কোটি ডলার অনুদান বন্ধ হল হার্ভার্ডের
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ইহুদি-বিদ্বেষ বাড়ছে—এই অভিযোগ তুলে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতে মাথা নত করেনি হার্ভার্ড বিশ্বববিদ্যালয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, বাক স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার নিয়ে কোনও আপস করবে না। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য! তাই শাস্তির খাঁড়া নেমে আসতেও দেরি হয়নি বিশ্বের এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের উপর। হার্ভার্ডের ২২০ কোটি ডলারের (টাকার অঙ্কে প্রায় ১৮ হাজার কোটি) আর্থিক অনুদান বন্ধ রাখার কথা ঘোষণা করে ইহুদি-বিদ্বেষ মোকাবিলা সংক্রান্ত টাস্ক ফোর্স। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হয়েছে প্রশাসনের সঙ্গে ৬ কোটি ডলারের চুক্তিও। আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্পের নির্দেশ না মানার খেসারত হিসেবে সব মিলিয়ে ৯০০ কোটি ডলারের অনুদান হারাতে পারে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানেই শেষ নয়, হার্ভার্ডের কর ছাড়ের সুবিধাও কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এই অবস্থান বজায় রাখলে ওদের রাজনৈতিক সংগঠন হিসেবে কর চাপানো হবে। যদিও তাতে পিছু হটতে নারাজ হার্ভার্ড কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গার্বনার জানিয়েছেন, সরকারে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা ঠিক করতে পারে না যে, কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় কী পড়াবে, কাদের ভর্তি বা নিয়োগ করবে এবং কী নিয়ে গবেষণা করবে। তাঁর দাবি, ইহুদি-বিদ্বেষ নির্মূল করতে হার্ভার্ড আগে থেকেই কাজ করছে।

Advertisement

গত বছর থেকেই মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইজরায়েল-হামাস সংঘাতের আঁচ লেগেছে। গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পুলিস-পড়ুয়া সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপরই বিষয়টিতে হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসনের শিক্ষা বিভাগ। ৩ এপ্রিল হোয়াইট হাউস হার্ভার্ডকে নির্দেশ দেয়, ডাইভার্সিটি অফিস বন্ধ করে দিতে হবে এবং বিদেশি পড়ুয়াদের উপর নজরদারি চালানোর জন্য অভিবাসন দপ্তরকে সাহায্য করতে হবে। তারপরই সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তারা এই নির্দেশ মানছে না। হার্ভার্ডের এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘হার্ভার্ড উদাহরণ তৈরি করল। আশা করি অন্যরাও একই পথ অনুসরণ করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ