আবাসের টাকা ঢুকতেই ‘কাটমানি’ আদায়! দেগঙ্গার উপপ্রধানের নামে অভিযোগ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে পালাবদলের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নতুন করে উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী পুরনো আবাস যোজনায় কাটমানি ফেরত দেওয়ার ‘ডেডলাইন’ও বেঁধে দিয়েছেন। তার মধ্যেই আবাসের বাড়ি ঘিরে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গায়। অভিযোগের তির নুরনগর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সুকান্ত রায় এবং তাঁর ঘনিষ্ঠ এক নেতার দিকে। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের রামনাথপুর গ্রামের বাসিন্দা শিবদাস মুখোপাধ্যায়। গত ২০-২৫ বছর ধরে ভাড়াবাড়িতে থাকেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে ‘দিদিকে বলো’তে ফোন করে জমি ও বাড়ির জন্য আবেদন করেন। আবাস যোজনার তালিকায় নাম ওঠার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন নুরনগর পঞ্চায়েতের উপপ্রধান। শিবদাসের অভিযোগ, তাঁকে জমির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আর সেই আশ্বাস দিয়েই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ২০ হাজার টাকা নেন উপপ্রধান সুকান্ত। অভিযোগ, জমির ব্যবস্থা করে দেওয়ার নামে আরও ৫ হাজার টাকা নেন তাঁর ঘনিষ্ঠ এক নেতা।
শিবদাস বলেন, দ্বিতীয় কিস্তির টাকাও ব্যাঙ্কে জমা পড়েছে। কিন্তু জমি না মেলায় বাড়ি তৈরির কাজ শুরু করতে পারিনি। অন্যের বাড়ির সামনে দাঁড় করিয়ে আমার ছবিও তোলা হয়। একপ্রকার জোর করে আমাকে টাকা নেওয়াতে বাধ্য করেন তৃণমূল নেতারা। নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতি বুঝে উপপ্রধান ২০ হাজার টাকা ফেরত দেন বলে দাবি তাঁর। এই ঘটনায় দেগঙ্গা থানা, বিডিও এবং অতিরিক্ত জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শিবদাস।
অভিযোগ অস্বীকার করে সুকান্তের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেগঙ্গার বিডিও নাজমুল আরেফিন মিদ্যার কথায়, এ ধরনের দু-তিনটি অভিযোগ এসেছে। টাকা ফেরত দিলেও অপরাধের দায় এড়ানো যায় না। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এনিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণকান্তি ঘোষ বলেন, তৃণমূলের এটাই আসল চেহারা। দেগঙ্গায় এই ধরনের একাধিক অভিযোগও দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর ধীরে ধীরে তা প্রকাশ্যে আসছে।