Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা ছোট গাড়ির, মৃত্যু শুল্ক আধিকারিকের

শনিবার ভোর ৪টা নাগাদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শুল্ক আধিকারিক এবং তাঁর গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা ছোট গাড়ির, মৃত্যু শুল্ক আধিকারিকের
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার ভোর ৪টা নাগাদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শুল্ক আধিকারিক এবং তাঁর গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকে বিন্নাগুড়ি রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তায়। ১৭ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিস এসে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্তে নামে। যদিও ঘটনার পর লরির চালক পালিয়ে যায়। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নীতিশ কুমার অভিষেক (৪৫) এবং সিন্টু মণ্ডল (৩৭)। নীতিশ কুমার অভিষেক কাস্টমস অফিসার ছিলেন। সিন্টু মণ্ডল ছিলেন গাড়ির চালক। ওই অফিসারের কর্মস্থল ছিল জয়গাঁ। তিনি কলকাতার বাসিন্দা। কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে ফিরছিলেন ওই অফিসার। যেহেতু এতটা পথ তাই তিনি সঙ্গে চালক রেখেছিলেন। দুর্ঘটনার সময় অফিসার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বিন্নাগুড়িতে জাতীয় সড়কে রাস্তার ধারে পাথর বোঝাই লরিটি কোনও কারণে দাঁড়িয়েছিল। ছোট গাড়িটি সজোরে লরির পিছনে ধাক্কা মারে। সেটির সামনের অনেকটা অংশ ঢুকে যায়। দুর্ঘটনার পর দু’জনই গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে পুলিস এসে গ্যাসকাটার দিয়ে কেটে গাড়ি থেকে দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। 
শনিবার সকালেই দেহ দু’টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিস। বিকেলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিন্নাগুড়ি পুলিস ফাঁড়ির ওসি ভয়েস সুব্বা জানিয়েছেন। ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় গাড়ির ভিতরেই দু’জনের মৃত্যু হয়। লরি এবং গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি চালকের খোঁজ চলছে। 

সম্পর্কিত সংবাদ