নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরদিনই অস্থায়ীভাবে সেই দায়িত্বভার দেওয়া হল সচিব অরুণ রায়কে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিয়েছেন। সোমবার সিদ্ধার্থ মজুমদার পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বেশ কিছু নাম হাওয়ার ভাসছিল। তারমধ্যে ছিল একজন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীর নামও। তবে এই শুভ্র চক্রবর্তী শিক্ষাদপ্তরের প্রাক্তন আমলা নন। আবার তৃণমূল আমলে এসএসসি’র চেয়ারম্যান থাকা, পরবর্তীতে বিজেপিতে যোগ দেওয়া চিত্তরঞ্জন মণ্ডলের নামও করছিলেন কেউ কেউ। যদিও, বেলা গড়াতেই ছবিটি পরিষ্কার হয়। এই পদটি এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতে বর্তমানে কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই কাজ শেষ করতে হবে ৩১ আগস্টের মধ্যে। আবার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি, যেহেতু ওএমআর শিট দেখানো হচ্ছে, তাই সেটার ভিত্তিতে আদালতে আবেদন করা হোক, যাঁরা যোগ্য, তাঁদের যেন পুরানো চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়। ফলে, এই পদ এখন যাকে বলে রীতিমতো ‘হটসিট’। এদিকে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি এবং জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম পাল।



