Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া মেডিকেলে চারদিন বন্ধ সিটি স্ক্যান, দুর্ভোগ চরমে

চারদিন ধরে বন্ধ পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজে সিটি স্ক্যান পরিষেবা। তার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

পুরুলিয়া মেডিকেলে চারদিন বন্ধ সিটি স্ক্যান, দুর্ভোগ চরমে
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: চারদিন ধরে বন্ধ পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজে সিটি স্ক্যান পরিষেবা। তার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। কলেজ কর্তৃপক্ষের দাবি, মেশিন খারাপ থাকায় সাময়িক সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। 

Advertisement

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় চারদিন ধরে পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাসে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ রয়েছে। বাইরে পোস্টারে লেখা রয়েছে, ‘সিটি স্ক্যান মেশিন খারাপ আছে’। রোগীর আত্মীয়দের অভিযোগ, সিটি স্ক্যানের কথা জিজ্ঞাসা করলেই বলা হচ্ছে মেশিন খারাপ। পরিষেবা বন্ধ রয়েছে। বারবার ভোগান্তি হচ্ছে রোগী ও আত্মীয়দের। অন্যত্র রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। কবে পরিষেবা ঠিক হবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। 
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেশিন খারাপ রয়েছে। দ্রুত সারানোর কাজ চলছে। জরুরি ক্ষেত্রে বাইরে ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের। পুরুলিয়া মেডিকেল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, চারদিন ধরে সিটি স্ক্যান মেশিন খারাপ রয়েছে। মেশিনের বেশ গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে। বাইরে থেকে তা আনা হয়েছে। ঠিক করার কাজ দ্রুততার সঙ্গে চলছে। তিনি আরও বলেন, পিপিপি মডেলে কলেজে ওই পরিষেবা চলে। শহরেরই একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওই সংস্থার মাধ্যমে জরুরি ক্ষেত্রে সিটি স্ক্যান করানো হচ্ছে। দু’-একদিনের মধ্যেই পরিষেবা ঠিক হয়ে যাবে। 
মেডিকেল কলেজে ডিজিটাল এক্স-রে করার পর এখনও প্লেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মোবাইলে ছবি তুলেই চিকিৎসককে দেখাতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। এর আগেও এক্স-রে প্লেট না থাকায় একাধিকবার সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি খতিয়ে দেখে সমস্যা দ্রুত মেটানো হবে বলে আশ্বাস দেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এক রোগীর আত্মীয় বলেন, ঠাকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তারবাবু জানিয়েছেন সিটি স্ক্যানের প্রয়োজন। কিন্তু, হাসপাতালের সিটি স্ক্যান মেশিন কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে স্ক্যান করানো যায়নি। কবে মেশিন ঠিক হয়ে পরিষেবা স্বাভাবিক হবে কে জানে। হাসপাতাল কর্তৃপক্ষের অবিলম্বে জরুরি ওই পরিষেবা স্বাভাবিক করা উচিত। 
 পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ