নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আবারও বিকল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সিটি স্ক্যান মেশিন। বিগত প্রায় পাঁচদিন ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে থাকায় জরুরি ভিত্তিতে রোগী রেফারের সংখ্যা ক্রমশ বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বর্ধমানে রোগীদের রেফার করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে রামপুরহাটেও রোগীদের রেফার করা হচ্ছে। অন্যত্র রেফার করায় রোগীর পরিজনেদের যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাভাবে অনেকেই রোগীদের বর্ধমান কিংবা অন্যত্র নিয়ে যেতে পারছেন না। টাকার অভাবে অনেকে বেসরকারি সংস্থাতেও সিটি স্ক্যান করাতে পারছেন না। অনেকেই হাসপাতালের সিটি স্ক্যান মেশিন ঠিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান মেশিন মেরামতে জোর দেওয়া হয়েছে। হাসপাতাল সুপার প্রকাশচন্দ্র বাগ রোগী রেফারের বিষয়টি স্বীকার করে বলেন, সিটি স্ক্যান মেশিন বিকল হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। দ্রুত ওই মেশিন মেরামতের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকেই নতুন সিটি স্ক্যান মেশিন চালু হয়ে যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৩মে সিটি স্ক্যান মেশিনের দু’টি যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। কলকাতা থেকে ওই যন্ত্রাংশ এনে সিটি স্ক্যান মেশিন মেরামত করা হবে। অবশ্য তা সময়সাপেক্ষ। এই পরিস্থিতিতে সিটি স্ক্যানের প্রয়োজন হলেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের রেফার করতে বাধ্য হচ্ছে। জানা গিয়েছে, এই হাসপাতালে দিনে গড়ে ১০জন রোগীর সিটি স্ক্যান করা হয়। বর্তমানে ওই সংখ্যক রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে।



