Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিরামপুরে বাংলার বাড়ির উপভোক্তাদের টাকা তুলে উধাও, অভিযুক্ত সিএসপি মালিক

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ জয়সওয়াল। তাঁর বাড়ি হরিরামপুর বাজার এলাকায়।

হরিরামপুরে বাংলার বাড়ির উপভোক্তাদের টাকা তুলে উধাও, অভিযুক্ত সিএসপি মালিক
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরে চার উপভোক্তার আঙুলের ছাপ দিয়ে বাংলার বাড়ির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি  মালিকের বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ জয়সওয়াল। তাঁর বাড়ি হরিরামপুর বাজার এলাকায়। অভিযোগকারী ইউসুফ মিঞা ও পার্বতী মণ্ডল থাকেন হরিরামপুরের পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণগ্রাম এলাকায়। বুধবার ব্রাহ্মণগ্রাম এলাকার আরও দু’জন অভিযোগ করেছেন থানায়। মঙ্গলবার ও বুধবার দু’দিনে হরিরামপুর থানায় মোট চার উপভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বিকাশের পুণ্ডরী গ্রাম পঞ্চায়েতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি রয়েছে। প্রায় চারমাস আগে আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকতেই  তিনি চার উপভোক্তার আঙুলের ছাপ দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এরপর তিনি সিএসপির ঝাঁপ বন্ধ করে গা ঢাকা দেন। পরে উপভোক্তাদের প্রতিশ্রুতি দিলেও টাকা ফেরত দেননি। 

Advertisement

এমন পরিস্থিতিতে বাড়ি তৈরি করতে পারছেন না বাংলার বাড়ির ওই উপভোক্তারা। প্রশাসন থেকে পরিদর্শনে এলে কী হবে, তা নিয়ে মহা চিন্তায় পড়েছেন তাঁরা। হরিরামপুরের বিডিও অত্রি চক্রবর্তীকে একাধিকবার ফোন ও মেসেজ করলেও উত্তর দেননি। গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ সত্যি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বিকাশের মন্তব্য, একজন উপভোক্তাকে ৩০ হাজার টাকা দিয়েছি। তিনি ৩০ হাজার টাকা পাবেন। আমার সিএসপি সাসপেন্ড করা হয়েছে বলে উপভোক্তাদের টাকা দিতে পারছি না। অভিযোগকারী ইউসুফ মিঞা বলেন, সিএসপির মালিক টাকা তুলে নিয়ে তিন মাস ধরে ঘোরাচ্ছেন। 
আমরা থানায় এসেছি টাকা উদ্ধারের জন্য। অভিযোগকারী পার্বতী মণ্ডল বলেন, টাকা তোলার পর চাপ দিতেই প্রতারণার বিষয়টি স্বীকার করেছিলেন সিএসপি মালিক। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, অভিযুক্ত বিকাশ জয়সওয়ালের খোঁজে তল্লাশি চলছে।  উপভোক্তারা থানায় অভিযোগ জানালেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ