সংবাদদাতা, বেলদা: দাঁতন-১ ব্লকের মনোহরপুর পঞ্চায়েতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র(সিএসপি) বন্ধ করে পরিচালক বেপাত্তা হওয়ায় শোরগোল পড়েছে। গ্রাহকরা তাঁদের জমানো টাকা লোপাটের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন। অভিযোগ, প্রায় দেড় কোটি টাকা ওই পরিচালক লোপাট করেছে।
ওই পঞ্চায়েতের কাকরাজিত এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। ৮-১০বছর ধরে মালিয়াড়ার বাসিন্দা রাজীব মাইতি কেন্দ্রটি চালাচ্ছে। অভিযোগ, ৭আগস্ট থেকে কেন্দ্রটি বন্ধ। শুক্রবারও সেটি বন্ধ থাকায় গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। সন্দেহ হতেই পাসবই আপডেট করে দেখেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা নেই। ঘটনা জানাজানি হতেই গ্রাহকরা কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রাজীব তাঁদের জমানো টাকা নিয়ে চম্পট দিয়েছে। তার মোবাইলও সুইচড অফ আছে।
গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে প্রতারণার ফাঁদ পেতেছিল। প্রথমদিকে মানুষের বিশ্বাস অর্জন করেছিল। অনেকে পাসবই সিএসপিতে রেখে দিতেন। তার বিরুদ্ধে নকল রসিদ দেওয়ার অভিযোগও উঠেছে।
বিক্ষোভের পর দাঁতন শাখার ম্যানেজার সহ ব্যাঙ্কের লোকজন এলাকায় পৌঁছে গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, অভ্যন্তরীণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার এলাকায় ক্যাম্প করা হবে। সেখানে গ্রাহকরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন।
ওই ব্যাঙ্কের দাঁতন শাখার ম্যানেজার রজত বিশ্বাস বলেন, সিএসপি পরিচালকের খোঁজ চলছে। সেইসঙ্গে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করবে।