Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউতে সামি, জাদেজাকে ছেড়ে সঞ্জুকে নিল সিএসকে, বেঙ্কটেশের সঙ্গে কেকেআর রিলিজ করল রাসেলকেও

গতবার নিলামে কোকিলের দামে কাক কিনেছিল কলকাতা নাইট রাইডার্স!

লখনউতে সামি, জাদেজাকে ছেড়ে সঞ্জুকে নিল সিএসকে, বেঙ্কটেশের সঙ্গে কেকেআর রিলিজ করল রাসেলকেও
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবার নিলামে কোকিলের দামে কাক কিনেছিল কলকাতা নাইট রাইডার্স! শ্রেয়স আয়ারকে ছেড়ে বেঙ্কটেশ আয়ারকে নিতে ব্যয় হয় ২৩.৭৫ কোটি। শাহরুখের দলের পদক্ষেপে বিস্মিত হয়েছিলেন অনেকেই। ভুল বুঝতে পেরে বেঙ্কটেশকে ছেড়ে দিল কেকেআর। সঙ্গে আন্দ্রে রাসেলকেও রিলিজ করে দেওয়া বড় চমক। 
২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কেকেআর। তবে মেগা নিলামে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ক্রিকেটার চয়নে ধরা পড়েছিল পেশাদারিত্বের অভাব। ভুগতে হয়েছিল তার ফল। গত আইপিএলে টেবিলে আট নম্বরে শেষ করতেই টনক নড়ে ম্যানেজমেন্টের। ঠিক হয়, মিনি নিলামে দল ঢেলে সাজানো হবে। সেই মতো বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেলের সঙ্গে রিলিজ করে দেওয়া হল একঝাঁক তারকাকে। তালিকায় আছেন কুইন্টন ডি’কক, মঈন আলি, অ্যানরিখ নর্তজেও। সুবাদে হাতে এসেছে ৬৪.৩ কোটি। পাশাপাশি, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের রিটেইন করেছে কেকেআর। মিনি নিলামে ছ’টি বিদেশি সহ সর্বাধিক ১৩টি প্লেয়ার নেওয়ার সুযোগ পাবে শাহরুখের দল।
কেকেআরের জার্সিতে বেঙ্কটেশের পারফরম্যান্স আহামরি নয়। গত মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৪২ রান। ২৩.৭৫ কোটি টাকা তাঁর জন্য অতিরিক্ত। পাওয়ার হিটার রাসেলকে রিটেইন না করার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। তিনি শুধু ব্যাট হাতে ঝড় তোলা নয়, বল হাতেও যথেষ্ট কার্যকরী। তাঁকে ছাড়ায় কেকেআরের ঝুলিতে ১২ কোটি যোগ হয়েছে। নিলামে তার চেয়ে কম অর্থে হয়তো ক্যারিবিয়ান তারকাকে তুলে নিতে চাইবে কেকেআর।
বড় চমক দিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস থেকে ১৮ কোটিতে সঞ্জু স্যামসনকে ট্রেডের মাধ্যমে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। তারপরও তারা ৪৩.৪ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। রবীন্দ্র জাদেজা (১৪ কোটি) ও স্যাম কারানকে (২.৪) রিলিজ করেছে তারা। এছাড়া, সানরাইজার্স হায়দরাবাদ থেকে সামিকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরেরও নতুন ঠিকানা লখনউ। তবে আকাশদীপ, রবি বিষ্ণোই ও ডেভিড মিলারকে রাখেনি এলএসজি। উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মিনি নিলাম।

Advertisement

 

ছেড়ে দেওয়ার উল্লেখযোগ্য তালিকা

কেকেআর 
আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডি কক, 
মঈন আলি 
মুম্বই ইন্ডিয়ান্স 
বেভন জ্যাকবস, লিজাড উইলিয়ামস, কর্ণ শর্মা
চেন্নাই সুপার কিংস 
রাহুল ত্রিপাঠি, রাচীন রবীন্দ্র, ডেভন কনওয়ে 
রাজস্থান রয়্যালস 
ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা 
পাঞ্জাব কিংস 
গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস, অ্যারন হার্ডি

আরসিবি 
মায়াঙ্ক আগরওয়াল, 
লিয়াম লিভিংস্টোন, 
নুঙ্গি এনগিডি
সানরাইজার্স হায়দরাবাদ 
অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, শচীন বেবি 
দিল্লি ক্যাপিটালস 
মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, দর্শন নালকান্ডে
গুজরাত টাইটান্স 
মাহিপাল লোমরোর, 
করিম জনত, দাসুন শানাকা
লখনউ সুপার জায়ান্টস ডেভিড মিলার, রবি বিষ্ণোই, আকাশদীপ 

Advertisement
সম্পর্কিত সংবাদ