


রামকুমার আচার্য, খানাকুল: ব্যালকনি থেকে ছাদ। কোয়েল দর্শনে রাস্তায় জনস্রোত খানাকুলে। টলি কুইন তথা রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে একবার চোখের দেখা দেখতে রাস্তার দুপাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল আট থেকে আশি। কেউ ছাদ থেকে ডাকলেন 'কোয়েলদি এদিকে আছি'। কেউ আবার তৃণমূল নেত্রীর প্রচার গাড়ি দেখেই শাঁখ বাজিয়ে স্বাগত জানালেন। উলুধ্বনি দিয়েও অভিনেত্রীকে বরণ করলেন।
মঙ্গলবার খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়ের সমর্থনে রোড শো করতে আসেন কোয়েল মল্লিক। খানাকুলের রাজহাটি মধ্যারাঙ্গ মোড় থেকে শুরু হয় রোড শো। একটি সুসজ্জিত ম্যাটাডোরে চেপে যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে প্রার্থী ছাড়াও ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। নিরাপত্তায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। রাজহাটি বাজার, সেনহাট হয়ে কামারশাল মোড় সংলগ্ন অংশে শেষ হয় রোড শো।
রাজহাটিতে ফার্নিচারের দোকানে কাজ করছিলেন একজন মাঝবয়সী কাঠমিস্ত্রি। তাঁর দোকানের কাছ থেকেই শুরু হয় রোড শো। অভিনেত্রীকে এক ঝলক দেখতে দোকানের ঝাঁপ নামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া বয়স্ক পুরুষ ও মহিলাদের সঙ্গে রাস্তার দুপাশে দাঁড়িয়ে কোয়েল দর্শনে অপেক্ষা করে খুদেরাও। অনেকে আবার শিশুকে কোলে নিয়েই প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলেন।
মোবাইল ক্যামেরায় অভিনেত্রীকে বন্দি করতেও হুড়োহুড়ি পড়ে যায়। রাজহাটি বাজারের সংকীর্ণ পথ দিয়ে এগিয়ে যায় প্রার্থীর প্রচার গাড়ি। নীল-সাদা বেলুনের মিছিলে ভাসতে থাকেন কোয়েল। ভক্তদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে অভিবাদন জানান অভিনেত্রী। নমস্কারও করেন জনতাকে। ভিড়ের মাঝেই একজন মহিলা অভিনেত্রীর সই নেন। তিনি বলেন, পুলিশের সাহায্যে দিদির কাছ থেকে সই পেয়েছি। খুব ভালো লাগছে।
কোয়েল দর্শনের পর অনেকেই বলছেন, আগে তাঁকে রুপোলি পর্দায় দেখেছেন। তাঁর প্রতি একটা অন্যরকম আবেগ রয়েছে। এদিন খুব কাছ থেকে অভিনেত্রীকে দেখতে পেয়ে তাঁরা খুব খুশি। এদিন কোয়েল বলেন, যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিলেন তাতে অভিভূত। ভালোবাসা, আশীর্বাদ কুড়োনোর জন্য আমি এখানে এসেছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, প্রণাম জানান। সেইসঙ্গে খানাকুলের তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। শেষে জয় বাংলা স্লোগান দেন।
তৃণমূল প্রার্থী পলাশবাবু বলেন, কোয়েল মল্লিকের রোড শোয়ে খানাকুলে বিপুল জন সমাগম হয়। মানুষের উৎসাহ, উচ্ছ্বাসই বলে দিল ভোটে তাঁদের সমর্থন পাব।
এদিন খানাকুলের পাশাপাশি পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারির সমর্থনেও রোড শো করেন কোয়েলদবী। তিনি সন্ধ্যায় বালিপুর থেকে ছত্রশাল পর্যন্ত রোড শো করেন। সেখানেও ব্যাপক ভিড় হয়।