Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মমতার সভায় মহিলাদের ভিড়, স্নায়ুর চাপ বাড়ছে মোদি-শাহদের

মহিলাদের ভোট টানার মরিয়া চেষ্টা করছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা তারা প্রতিমাসে ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছে।

মমতার সভায় মহিলাদের ভিড়, স্নায়ুর চাপ বাড়ছে মোদি-শাহদের
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: মহিলাদের ভোট টানার মরিয়া চেষ্টা করছে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা তারা প্রতিমাসে ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে দাবি করেছেন, মহিলারা যেখানেই বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, সেখানেই বিজেপি জিতেছে। মহিলাদের মন জয় করতে তাঁর মুখে সুরক্ষার কথাও শোনা গিয়েছে। কিন্তু বিজেপির চিন্তা বাড়িয়ে তৃণমূলের প্রতিটি সভায় মহিলাদের ভিড় উপচে পড়ছে। 

Advertisement

সোমবার তীব্র গরম এবং রোদ উপেক্ষা করে গলসি বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কাতারে কাতারে মহিলা ভিড় করেন। সভা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে আউশগ্রাম, গলসি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে মহিলারা সভাস্থলে চলে আসেন। কোটা এলাকার বাসিন্দা মিতা খাটোয়া নামে এক মহিলা বলেন, দিদিকে এনিয়ে দু’বার দেখলাম। তিনি আমাদের সম্মান দিয়েছেন। আগে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগই পায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর প্রত্যেক মাসে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসি। নাতিদের দাবি মেটাতে পারি। এটা আমার কাছে বড় পাওনা। 
অশোকা বাগদি নামে আর এক মহিলা বলেন, দিদি মেয়েদের কথা ভাবেন। স্বাস্থ্য‌সাথী কার্ড থাকায় বর্ধমানের একটি নার্সিংহোমে গিয়ে স্বামীর চিকিৎসা করার সুযোগ পেয়েছি। ছেলেকে মোবাইল কেনার জন্য টাকা দিয়েছে। তিনি আসছেন জানতে পেরে সকালেই সভাস্থলে চলে এসেছিলাম। সঙ্গে করে মুড়ি আনি। দিদির আসতে দেরি হওয়ায় মাঠে বসে তা খেয়েছি। দিদিকে প্রথমবার এত কাছে থেকে দেখলাম। 
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুরের সভা থেকে বলেন, আমরা যা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার চালু করার কথা বলেছিলাম। তা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড, সবুজসাথী প্রকল্প চালু হয়েছে। আর বিজেপি যা কথা দেয়, তা রাখে না। দিল্লির মহিলাদের কথা দেওয়ার পরও টাকা দেয়নি। বিহারের মহিলাদের কাছে থেকে টাকা ফেরত চাইছে। 
রাজনৈতিক মহলের মতে, মহিলা ভোট ব্যাংক তৃণমূলের কাছে বড় শক্তি। বিজেপি সেটা ভাঙার জন্য মরিয়া চেষ্টা করছে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই তাঁদের বক্তব্যের বেশ কিছুটা অংশ মহিলাদের নিয়ে ব্যয় করছে। পূর্বস্থলীর সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, মহিলাদের এত ভিড় দেখে আমি উচ্ছ্বসিত। যদিও তৃণমূলের দাবি, তাতে কাজ হবে না। বাংলার মেয়েরা জানে তৃণমূল নেত্রী তাঁদের ভরসার জায়গা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু ভাতা নয়, মহিলাদের আত্মসম্মান দিয়েছে। মেয়েদের পড়াশোনার অগ্রগতির জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। আবার মেয়েদের বিয়ে দিতে পরিবারের লোকজনদের যাতে চিন্তা করতে না হয়, তারজন্য রূপশ্রী প্রকল্প চালু হয়েছে। এসবের জন্য বাংলার মহিলারা তৃণমূলনেত্রীর উপর ভরসা রেখেছেন বলে দলীয় কর্মীদের দাবি। বাংলার নারী শক্তিই বিজেপির ঘুম ছুটিয়ে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ