সংবাদদাতা রানাঘাট: বাজনার আওয়াজ আর আলোর রোশনাইয়ে উজ্জ্বল ঐতিহ্যবাহী শান্তিপুরের রাস উৎসব। প্রতিবছরের মতো এবারও সাবেকি আনার পাশাপাশি নজর কাড়া থিমের চমক নিয়ে হাজির হয়েছে শহরের বারোয়ারিগুলি। রাস দেখতে ভিন রাজ্য থেকেও দর্শনার্থীরা এসেছেন শান্তিপুরে।
এবারের রাস উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ বড় গোস্বামী পাড়ার বারোয়ারি। ৪৬তম বর্ষে পা দেওয়া এই পুজোর এবারের ভাবনা বন্দে ভারত ট্রেনে চড়ে এক টুকরো কাশ্মীর ভ্রমণ। প্রায় ৭ লক্ষ টাকা বাজেটের এই মণ্ডপটি তৈরি হয়েছে তুলো দিয়ে, যা ফুটিয়ে তুলেছে বরফে ঢাকা ভূস্বর্গের রূপ। তবে মূল আকর্ষণ প্রবেশপথে। উদ্যোক্তারা তৈরি করেছেন ২৫ আসন বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের আদলে কামরা। দর্শনার্থীরা লাইন দিয়ে সেই ট্রেনে উঠছেন এবং ট্রেন থেকে নেমে সরাসরি প্রবেশ করছেন তুষারে ঢাকা কাশ্মীরের আদলে তৈরি মণ্ডপে। ক্লাবের সদস্য বাবুল পাল বলেন, সাধারণ মানুষকে ঘরের কাছে কাশ্মীর ভ্রমণের স্বাদদিতেই এই প্রয়াস। অন্যদিকে থিমের লড়াইয়ে পিছিয়ে নেই আগমেশ্বরী তলা ইয়ংস্টাফ ক্লাবও। ৪৮তম বছরে তাদের নিবেদন কনক তীর্থে দেবসভা। প্রায় ৭লক্ষ টাকা বাজেটের এই পুজোয় থাইল্যান্ডের আদলে মন্দিরের মণ্ডপ গড়ে তোলা হয়েছে। সোনালী রংয়ের কারুকার্য আর নিপুন স্থাপত্য শৈলীতে সাজানো এই মণ্ডপ দেখতে সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড়। ক্লাবের সদস্য তাপস নন্দী বলেন, আমাদের রাস উৎসব শ্রীকৃষ্ণের উৎসব। কৃষ্ণকে নিয়েই আমাদের আমাদের এবছরের মণ্ডপের থিম। আধুনিকতার চাকচিক্যের পাশাপাশি লোকসংস্কৃতি ও মাটির টানকে ধরে রেখেছে শান্তিপুর তিলিপাড়া বারোয়ারি। ৫৫ তম বর্ষে তাদের থিম মাদলের তালে তালে মন ময়ূরী নাচে রে। আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বাজেটের এই মন্ডপের আদিবাসী সমাজের জীবনযাত্রা ও সাংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। মণ্ডপ সজ্জার ব্যবহার করা হয়েছে শালপাতার থালা, বাটি, তালপাতা এবং বাঁশের সূক্ষ্ম কারুকার্য। পুজো কমিটির সদস্য সঞ্জয় কুণ্ডু বলেন, নতুন প্রজন্মের মধ্যে আদিবাসী সম্পর্কে জানা ও বোঝার জন্যই তাদের এই প্রয়াস। এখানে শ্বেত নারায়ণের আরাধনা করা হয়।
গ্রামীণ পরিবেশ ও আদিবাসী ঐতিহ্যের এই মেলবন্ধন দর্শকদের মন জয় করে নিয়েছে। সব মিলিয়ে থিমের বৈচিত্র্য আলোকসজ্জা এবং ঢাক ঢোলের তালে শান্তিপুর এখন উৎসবমুখর।



