নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, বিষ্ণুপুর: নববর্ষ উপলক্ষ্যে বাঁকুড়ার মন্দিরগুলিতে পুজো দেওয়ার চল রয়েছে। বাংলা বছরের প্রথম দিনে পরিবার, পরিজনদের মঙ্গল কামনায় মহিলারা পুজো দেন। বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, খাতড়া, বড়জোড়া, সোনামুখী সহ জেলার বিভিন্ন ব্লক এলাকায় কালী, শিব সহ অন্যান্য দেবদেবীর মন্দিরে পুজো-অর্চনা হয়। জয়রামবাটির মাতৃ মন্দিরেও পুজো পাঠের আয়োজন করা হয়। সেখানেও অনেকে প্রার্থনা করেন। বাকি দিনগুলি যাতে সকলে সুস্থ ও ভালো থাকে, তা বছরের প্রথম দিনে পুজো দিয়ে পুণ্যার্থীরা প্রার্থনা করেন।
বাঁকুড়া শহরের ভৈরবস্থান মন্দির, সতীঘাটের ছিন্নমস্তা মায়ের মন্দির, চকবাজারের মহামায়া মন্দির, শহর লাগোয়া এক্তেশ্বর সহ অন্যান্য মন্দিরে আজ সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাবে। মূলত মহিলারাই সকাল থেকে পুজোর ডালা হাতে লাইনে দাঁড়ান। বাঁকুড়া শহরের বাসিন্দা স্বপ্না চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছরই নববর্ষে আমি মন্দিরে পুজো দিয়ে থাকি। পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় পুজো দিই। পাশাপাশি জগতের শান্তির জন্যও প্রার্থনা করি।
বিষ্ণুপুরের বাসিন্দা চৈতালি কর বলেন, বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দির, ভাটপুকুর কালী মন্দিরে নতুন বছরে অনেকে পুজো দেন। আমিও সকাল সকাল পুজো দিয়ে থাকি।