Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পিএম স্বনিধি প্রকল্পে লোনের আবেদন করতে ভিড়

দুর্গাপুজোর আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাল ময়নাগুড়ি পুরসভা

পিএম স্বনিধি প্রকল্পে লোনের আবেদন করতে ভিড়
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্গাপুজোর আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাল ময়নাগুড়ি পুরসভা। বৃহস্পতিবার লোক কল্যাণ মেলার প্রথম দিন পিএম স্বনিধি প্রকল্পের লোনের আবেদন জমা করতে এলেন অনেকেই। ময়নাগুড়ি পুরসভা থেকে জানা গিয়েছে, যারা লোন ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তাঁদের আটটি কেন্দ্রীয় সরকারি কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সংযুক্ত করানো হচ্ছে। এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এক দেশ এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, জননী সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্থনের অধীনে নিবন্ধন, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। 

Advertisement

এই প্রকল্পের দায়িত্বে থাকা ময়নাগুড়ি পুরসভার সিটি ম্যানেজার ভাস্কর সরকার বলেন, লোক কল্যাণ মেলা তিন দিন হবে। এখানে একদিকে যেমন নতুন লোনের জন্য আবেদন করতে পারছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, পাশাপাশি আটটি প্রকল্পের সঙ্গে তাদের সংযুক্ত করিয়ে দেওয়া হচ্ছে। প্রথম মেলা হল বৃহস্পতিবার। এরপর রয়েছে ১৬ এবং ২৪ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট প্রকল্পে ফুটপাত, রাস্তার ধারে ঠেলাগাড়িতে, বাড়িতে অস্থায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন পাচ্ছেন। প্রথম পর্যায়ে লোনের অঙ্ক ১৫ হাজার টাকা। যেটি এক বছরের মধ্যে শোধ করতে হবে। পরবর্তীতে রয়েছে ২৫ হাজার টাকা। যা দেড় বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তৃতীয় রয়েছে ৫০ হাজার টাকা, যা তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে। 
এদিন ময়নাগুড়ি পুরসভায় আসা মিহিরচন্দ্র দাস বলেন, পুজো আসছে। আমি ফলের ব্যবসা করব। সে কারণেই লোনের আবেদন করলাম। সায়ন্তনী সরকার বলেন, আমি কাপড়ের ব্যবসা করব। লোনের আবেদন করেছিলাম। এদিন জানতে পারলাম লোন অনুমোদন হয়ে গিয়েছে। 
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, পুজোর আগে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন পেলে তাদের অনেক উপকার হবে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ