নৈহাটিতে বড়মাকে দর্শনে ভিড় শুরু, প্রস্তুত পুলিশও
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার ভোরে গঙ্গা থেকে বড়মার মূর্তি পর্যন্ত দণ্ডি কাটা শুরু হয়েছে। আজ, রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত তা চলবে। বহু মানুষ ইতিমধ্যে ভিড় করছে বড়মা’র মণ্ডপের সামনে। তাই অরবিন্দ রোড ও আর বি সি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি গাইড ম্যাপ প্রকাশ করেছে নৈহাটি থানার পুলিশ। সেখানে বলা হয়েছে, বারাকপুরের দিক থেকে যাঁরা বড়মা দর্শন করতে যাবেন, তাঁদের ঘোষপাড়া রোডের উপরে ৭৩ নম্বর বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে যেতে হবে। স্বপ্নবীথি পার্কের সামনে দিয়ে অরবিন্দ রোড হয়ে বড়মা দর্শন করতে পারবেন তাঁরা। আর হালিশহরের দিক থেকে যাঁরা আসবেন, তাঁরা রামকৃষ্ণ মোড় হয়ে নৈহাটি পুরসভার সামনে ডান দিকে জান মহম্মদ ঘাট রোড দিয়ে বাজার ঘাট রোড হয়ে অরবিন্দ রোডে পড়বেন। সেখানে থেকে বড়মা দর্শন করে হরিদাস ঘোষ রোড দিয়ে বেরিয়ে যেতে পারবেন।

Advertisement

এদিকে, ব্যস্ত অরবিন্দ রোডের উপরে শুধু বড়মা নয়, রাস্তার অনেকটা আটকে বেশ কয়েকটি বড় পুজো হয়। সেগুলি হল, তারা মা সংঘ, বেচা কালী, গাঁজা কালী, প্রভাত কালী, কদম কালী, একতা সংঘ, উদয়ন সংঘ, ফাইভ স্টার ক্লাব ও মাতৃ সংঘের পুজো। এর মধ্যে কোনোটার উচ্চতা ১৫ ফুট, কারও ১৮ বা ২০ ফুট। তবে সব থেকে বেশি ভিড় হয় বড়মার মণ্ডপকে ঘিরে। এদিন ভোর রাতে বড়মার চোখ আঁকা হয়। প্রতিমা বানিয়েছেন শুভেন্দু সরকার। রাতে গয়না পরানো হয়। এবার বড়মার পুজোর বয়স ১০৩ বছর। ১০৩ বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী শান্তিপুরের রাস দেখে এই ২১ ফুট উচ্চতার প্রতিমা গড়ে বড়কালী পুজো শুরু করেন। ধীরে ধীরে তা বড়মা হিসেবে জনপ্রিয় ওঠে। আজ রবিবার রাত ১২টায় পুজো শুরু হবে। রাত দেড়টায় হবে পুষ্পাঞ্জলি। তারপরে বিভিন্ন জায়গা থেকে হবে প্রসাদ বিতরণ। শুধু বড়মা নয়, নিউ স্টার ক্লাব, সাত নম্বর বিজয় নগর, গোপাল স্মৃতি সংঘ, লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন, হকার অ্যাসোসিয়েশনের পুজো দেখতেও মানুষ ভিড় করছে।