নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও সংবাদদাতা, কাঁথি: দুই মেদিনীপুরে প্রচারে এসে বিরোধী শিবিরের দিকে কার্যত ভিড়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেতা সাংসদ দেব। মঙ্গলবার দুই মেদিনীপুরে পদযাত্রা ও পথসভায় উপচে পড়েছিল ভিড়। সেই ভিড় সামলাতে পুলিশ ও প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয়। কাঁথি ও রেল শহর খড়্গপুরে আট থেকে আশির ভিড় দেখে হতবাক অনেকেই। তাই তৃণমূল নেতারাও বিরোধী শিবিরের উদ্দেশ্যে বলছেন, ‘চ্যালেঞ্জ নিবি না!’
মঙ্গলবার কাঁথি শহরে দেব-দর্শনে উপচে পড়ল ভিড়। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে ভোট প্রচারে এসে আমজনতার হৃদয় জিতে নেন অভিনেতা-সাংসদ। দেবকে ঘিরে উচ্ছ্বাস ছিল আকাশছোঁয়া। বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নেন তিনি। দেবের আগমন উপলক্ষ্যে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মানুষের ভিড় জমতে শুরু করে। এদিন শহরের মেচেদা বাইপাস থেকে রোড শো শুরু হয়। তার আগে সেখানে এক সভার আয়োজন করা হয়। সেখানে দেব আসার পর তাঁর ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দেবকে ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা-কর্মী-সমর্থকরাও। দেব দেব! চিৎকারে শহর সরগরম হয়ে ওঠে। উপরে বড় ছাতা দেওয়া হুড খোলা গাড়িতে দেবের সঙ্গে সওয়ার হন প্রার্থী। সেই সময় সামনে মিছিলে ছিলেন দলের নেতারা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঁথি শহরের রাজপথ। দলীয় পতাকা, কাট-আউট, ব্যানার হাতে নিয়ে দলীয় নেতাকর্মীরা রোড শোয়ে শামিল হন। দেবকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ দিকে ভিড় জমান অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে মহিলা-কিশোরী, কলেজ ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর চৌরঙ্গী মোড়, পোস্ট অফিস মোড়, রাজাবাজার হয়ে ক্যানেল পাড়ে ভবতারিণী মন্দিরের সামনে রোড শো শেষ হয়। গাড়িতে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, যদি মনে করেন, আগামী পাঁচ বছর তরুণবাবু আপনাদের সঙ্গে থাকবেন, তাহলে ২৩ তারিখে তরুণবাবুকে বিপুল ভোটে জয়ী করবেন। এরপর বিজেপির প্রসঙ্গে তিনি বলেন, যারা ধর্মের রাজনীতি করছে, তারা ধ্বংস হোক।
কাঁথি থেকে এদিন দুপুরে খড়্গপুর শহরে এসে পৌঁছন দেব। অভিনেতাকে দেখার জন্য তীব্র গরমকে উপেক্ষা করেই তালবাগিচা এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। প্রথমে আইআইটিতে এসে পৌঁছয় দেবের হেলিকপ্টার। সেখান থেকে তালবাগিচা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় জনসভায় যোগ দেন তিনি। সেখানে খড়্গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে জনসভা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, আয়ুব আলি, কবিতা দেবনাথ সহ তৃণমূল নেতৃত্ব। এরপর খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে গোপালি স্কুল মাঠে জনসভায় যোগ দেন দেব। সেই মাঠেও উপচে পড়েছিল ভিড়। দেব বলেন, এতো মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। দয়া করে নিজেদের সমস্ত রাগ, অভিমান, মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের জয়ী করুন। তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার ও দীনেন রায় বলেন, উন্নয়নের পক্ষেই মানুষ রায় দেবেন। তীব্র গরমেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে সকলের আত্মবিশ্বাস আরও বাড়বে। দক্ষিণ কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে রোড শো দেবের।-নিজস্ব চিত্র