নিজস্ব প্রতিনিধি, বারাসত: জনপ্রিয় কোনো পর্যটনকেন্দ্র নয়। অলৌকিক কোনো ঘটনাও ঘটেনি, যার জন্য অন্ধ বিশ্বাসে ছুটে যাবে লোকজন। দেখার বিষয় বলতে চোখজুড়ানো কমলালেবুর বাগান! পার্বত্য উত্তরবঙ্গ নয়, উত্তর ২৪ পরগনার সমতলে! আর তা দেখতেই বিগত কিছুদিন ধরে ভিড় জমছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের কেওসা গ্রামে। শীতের হালকা আমেজ আসতেই ভিড় বেড়েছে কয়েক গুণ। সেই সূত্রে রবিবার উৎসাহী মানুষের ঢল নামে কেওসা গ্রামে। সকাল থেকে শুরু হওয়া ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত জনজোয়ারে পরিণত হয়। বাগান সংলগ্ন রাস্তার প্রায় তিন কিলোমিটার অংশ অটো-টোটোর জটে কাযর্ত অবরুদ্ধ হয়ে পড়ে। লক্ষাধিক দর্শকের চাপে বাগানের প্রবেশপথে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ভিতরে ঢোকার জন্য শুরু হয় ঠেলাঠেলি। এক সময় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখে ভিতরে থাকা লোকজনকে বার করে আনার ব্যবস্থা করতে হয়। তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় পুলিশের হেল্পলাইনে ফোন করে সাহায্য চান বাগান তথা নার্সারির মালিক নারায়ণ মণ্ডল। বিপুল জনসমাগম দেখে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা ছাড়াও কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসেন অনেকে। বেলা যত গড়িয়েছে, বাগানে যাওয়ার রাস্তার দু’পাশে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। ভোগান্তি বাড়ে স্থানীয়দের।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার দিকে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। প্রবেশ ও প্রস্থানের মুখে জটলা, ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়ায়। বয়স্ক ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডলের বক্তব্য, ‘রবিবারের ভিড় দেখে আমরা আতঙ্কিত। একটু ধাক্কাধাক্কি হলেই বড়ো বিপদ ঘটতে পারত।’
কী বলছেন বাগানের মালিক মালিক নারায়ণ মণ্ডল? তিনি জানান, পরীক্ষামূলকভাবে সমতলে কমলালেবুর চাষ করেছেন তিনি। অনলাইনে পাকিস্তানের বিশেষ প্রজাতির কমলালেবুর চারা সংগ্রহ করেন। বর্তমানে তাঁর বাগানে ওই প্রজাতির চার-পাঁচটি গাছ রয়েছে। শুধু তাই নয়, ঝুড়ি কমলা, ছাতকি কমলা, পাও কিন্নু সহ মোট ২২ ধরনের কমলালেবুর প্রজাতি রয়েছে তাঁর বাগানে। সব মিলিয়ে প্রায় ৭০-৭৫টি গাছে কমলালেবু ধরেছে। সোশ্যাল মিডিয়ায় এই ‘ব্যতিক্রমী’ চাষের খবর ছড়িয়ে পড়তেই বাগান দেখতে ভিড় বাড়তে শুরু করে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘পাহাড়ে বা সিটংয়ে না গিয়ে ঘরের কাছেই কমলালেবুর বাগান দেখার সুযোগ মিলছে। এ কম কী! দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে মাত্র ১০ টাকা।’ বাগান দেখতে আসা সুপ্রিয় মজুমদার ও সীমা রায়ের বক্তব্য, ‘একটি ব্যতিক্রমী উদ্যোগকে কেন্দ্র করে এলাকার পরিচিতি বাড়ছে, ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা অবশ্যই জরুরি।’ বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, ‘স্থানীয় থানার পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’



