সংবাদদাতা, কাঁথি: আজ, বৃহস্পতিবার দীঘা জগন্নাথ মন্দিরের পুণ্য রথযাত্রা। পক্ষকাল নিভৃতবাস শেষ করে বুধবার থেকে নবযৌবন দর্শন দিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এদিন সকাল ৬টা থেকেই সাধারণের দর্শনের জন্য খুলে গেল মন্দিরের গর্ভগৃহের বেদির দ্বার। জগন্নাথ মন্দিরে এবার দ্বিতীয় বছরের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে দীঘাজুড়ে এখন থেকেই উৎসবের মেজাজ। রথযাত্রায় পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ-বিদেশ থেকে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থী মিলিয়ে বহু মানুষের ভিড় জমবে বলে আশা করছে পুলিশ-প্রশাসন। ভিড় সামলানোই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। তাই কোমর বেঁধে নেমেছে পুলিশ।
রথযাত্রার দিন দীঘায় ট্রাফিক নিয়ন্ত্রণের উপর বিশেষভাবে জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন। সকাল থেকে যান চলাচল নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হচ্ছে। জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে প্রধান রাস্তা ধরে এগবে রথ। গুণ্ডিচা মন্দির বা মাসির বাড়িতে পৌঁছবে। তাই উৎসবের দিন রথ-সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। যানবাহনগুলিকে বাইপাস দিয়ে নিউ দীঘার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বেশ কয়েকটি ড্রপগেট বসানো হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ড্রোনের সাহায্যেও নজরদারি চলবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসছে নো-এন্ট্রি বোর্ড। ভিড় নিয়ন্ত্রণে রাস্তার দু’পাশে ফুটপাতে বিশেষ ব্যারিকেড লাগানো হয়েছে। মঙ্গলবার থেকেই রঙিন আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর সহ আশপাশের এলাকা।
ডিএসপি(ডিঅ্যান্ডটি) মোহিত মোল্লা বলেন, ভিড় সামাল দিতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, দীঘা জগন্নাথ মন্দির পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তীর্থক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার রথযাত্রা উৎসব সাফল্যমণ্ডিত করতে মন্দির কর্তৃপক্ষের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।