সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের বাইপাসের ধারে নরেন্দ্র মোদির সভাস্থলের পাশের কয়েক বিঘা জমির আলু এবং সর্ষে গাছ নষ্ট হওয়ায় বিপুল ক্ষতি চাষিদের। একাধিকবার বারণ করলেও কেউ তাঁদের কথা শোনেননি বলে অভিযোগ। শুধু তাই নয়, হেলিপ্যাড সংলগ্ন এলাকাতেও ফসলের হাল খারাপ হয়েছে বলে দাবি।
বিষয়টি নিয়ে সভার পর থেকেই স্থানীয় চাষিরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। আঁচ পেয়ে রবিবার বিকেলে ড্যামেজ কন্ট্রোলে নামে বিজেপি। এদিন ক্ষতিগ্রস্ত জমি পরির্দশন করেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহের বিধায়ক গোপাল সাহা সহ অন্যরা। তাঁরা চাষিদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দেন বলে জানা গিয়েছে।
পুরাতন মালদহের ক্ষতিগ্রস্ত কৃষক সুজিত রাজবংশী বলেন,জমিটি আমার নয়। অন্যের কাছ থেকে নিয়ে চাষ করে সংসার চালাই। ১২ বিঘায় আলু লাগানো হয়েছিল। দু’বিঘার ফসল নষ্ট হয়ে গিয়েছে। এদিন বিজেপির সাংসদ, বিধায়ক দেখে ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন।
এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের মালদহের সহ সভাপতি নবরঞ্জন সিনহা বলেন, মোদির সফরে সাধারণ মানুষের কী লাভ হল? জেলার খেটে খাওয়া, পরিযায়ী শ্রমিকরা কী পেলেন? জেলা থেকে একটিও ট্রেন দেওয়া হয়নি, উল্টে চাষিদের আলু, সর্ষে নষ্ট হল। বিজেপি ভোটের রাজনীতি করার জন্য মোদিকে এনেছে।
খগেন বলেন, ফসলের কতটা ক্ষতি হয়েছে, তার রিপোর্ট নিয়েছি। চাষিদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। প্রচুর মানুষের ভিড়ের জন্য এমন হয়েছে। নিজস্ব চিত্র