Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুমির-আতঙ্ক এবার শান্তিপুরে

কুমির-আতঙ্ক এবার শান্তিপুরে
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাতসকালে গঙ্গায় কুমির আতঙ্ক! বুধবার ঘটনাটি ঘটেছে শান্তিপুর নৃসিংহপুর ঘাট সংলগ্ন মাঝগঙ্গায়। স্থানীয় সূত্রের খবর, হঠাৎই একটি কুমিরকে গঙ্গার জলে সাঁতার কাটতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এমনকী বিষয়টি নজর এড়ায়নি নৃসিংহপুর ঘাটের বিভিন্ন লঞ্চ চালকদেরও। স্বাভাবিকভাবেই বিষয়টি জানাজানি হওয়ার পর আতঙ্ক ছড়ায়। অনেকেই দূর দূরান্ত থেকে গঙ্গায় স্নান করতে এলেও আর জলে নামতে চাননি। কুমির দেখতে পাওয়ার খবর প্রশাসনের কানে পৌঁছনোর পর শুরু হয় মাইকিং এবং সচেতনতার প্রচার। লঞ্চের চালক সৌমেন বর্মন বলেন, আমি ঘাটে লঞ্চ ভেড়াচ্ছিলাম। হঠাৎ করে দেখি আমার লঞ্চের পাশ দিয়ে সাঁতার কাটছে কুমিরটি। আমি সঙ্গে সঙ্গেই ঘাটে জানিয়েছি। তারপর মাইকিং শুরু হয় সচেতন করতে। স্থানীয় দোকানদার গোরা মুহুরী বলেন, শুধু লঞ্চ পারাপারের জন্যই মানুষ এখানে আসেন না। অনেকেই পুণ্যস্নান করতে আসেন। এরকমভাবে কুমির ঘোরাফেরা করলে মানুষ আতঙ্কে আসবেন না। আমাদের ব্যবসায় ক্ষতি হবে। প্রশাসন পদক্ষেপ নিক, এটাই আমরা চাইব। 

Advertisement

কিন্তু কীভাবে সেই কুমির এল? খোঁজ চালানো হচ্ছে প্রশাসনের তরফে। যদিও ইতিপূর্বে নবদ্বীপ সংলগ্ন গঙ্গাতেও কুমির দেখা গিয়েছিল। এদিকে, কুমির আতঙ্ক সবচেয়ে বেশি ছড়ায় নৃসিংহপুর ঘাট সংলগ্ন শান্তিপুর পুরসভার ১৬ এবং ২৪ নম্বর ওয়ার্ডে। কারণ গঙ্গা সংলগ্ন একাধিক বাসিন্দা রয়েছেন যাঁদের নিত্যকাজে গঙ্গা ব্যবহার করতে হয়। শান্তিপুর পুরসভার তরফে সচেতনতার প্রচার চালানো হয় সেই সমস্ত ওয়ার্ডে। বিষয়টি নিয়ে পুর চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, গঙ্গায় কুমির দেখা গেলে আমাদের সেখানে খুব বেশি কিছু করার থাকে না। তবে আশপাশে আমাদের বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে। আমরা সেই সমস্ত ওয়ার্ডের মানুষকে সচেতন করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ