সংবাদদাতা, বারুইপুর: রায়দিঘির মণি নদীতে দেখা গেল মাঝারি আকারের এক কুমির। শনিবার বিকালে স্থানীয় বাসিন্দারা রায়দিঘি ব্রিজের একেবারে কাছেই নদীর জলে কুমিরটিকে ভাসতে দেখেন। সেটি একেবারে স্থির থাকায়, প্রথমে এলাকাবাসীরা বিষয়টি বুঝতে পারেননি। পরে সেটি নাড়াচাড়া করতেই সব স্পষ্ট হয়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। কুমিরটিকে দেখতে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় জমে যায়। বেশ কিছুক্ষণ নদীর জলে ভেসে থাকার পর ধীরে ধীরে দূরে চলে যায় প্রাণীটি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে নদীতে যাঁরা নিয়মিত স্নান করতে বা অন্য কাজে নামেন, তাঁদের আপাতত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বনদপ্তরের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব চিত্র



