আটলান্টা: বিশ্বকাপে ফের ইংল্যান্ড বধ আর্জেন্তিনার। ১৯৮৬ মেগা আসরের ফাইনালে মারাদোনার ‘হ্যান্ড অব গডে’ বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ড। আর বুধবার মেসির ডান পায়ে কপাল পুড়ল থ্রি লায়ন্সের। সংযোজিত সময়ে তাঁর মাপা ক্রস থেকেই হেডে জয়সূচক গোল লাওতারো মার্তিনেজের। প্রথম গোলটিতেও তাঁর অবদান। আর যুদ্ধজয়ের পরই সমালোচকদের একহাত নিলেন মহাতারকা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা স্পেশাল ছিল। আমরা যদি হেরে যেতাম নিন্দুকরা ভুলভাল কথা বলত। সেই সুযোগটা আমরা দিলাম না। আর ফুটবলের নিরিখে ইংল্যান্ডের থেকে অপেক্ষাকৃত ভালো দল আর্জেন্তিনা। গতবারের চ্যাম্পিয়ন। এবারও শুরু থেকে লড়াই করে উঠছি। কেউ আমাদের কিছু পাইয়ে দেয় না।’
সত্যিই মেসির আর্জেন্তিনা হারার আগে হারে না। চলতি আসরে একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছে স্কালোনি-ব্রিগেড। লিওর কথায়, ‘২০২২ বিশ্বকাপেও সমর্থকদের বলেছিলাম, এই টিমটার উপর আস্থা রাখুন। আপনাদের হতাশ করব না। এবারও একই কথা বলছি। আমরা মেজর টুর্নামেন্টে টানা পাঁচটা ফাইনাল খেলছি। এটা অসাধারণ কৃতিত্ব। আর আমার কেরিয়ারে ইংল্যান্ডকে হারানোটাই মিস করছিলাম। সেটাও হয়ে গেল।’ ম্যাচের পর সোশ্যাল মিডিয়াতেও খেলার কয়েকটা ছবি পোস্ট করে ক্যাপশনে মহাতারকা লেখেন, ‘আর্জেন্তিনা ফাইনালে। এই গ্রুপের উপর যারা আস্থা রেখেছিল, তাদের ধন্যবাদ।’ ২০২২ সালে ফাইনালে উঠেও হুবহু একই পোস্ট করেছিলেন তিনি। যা নিয়ে জোর চর্চা চলছে।