রিয়াধ: ২০২৬ বিশ্বকাপের পরই কি বুটজোড়া তুলে রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সেই সম্ভাবনাই জোরালো করলেন স্বয়ং পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে সিআরসেভেন জানান, ‘অবসর নিয়ে অবশ্যই ভাবনা রয়েছে। সেই দিন আর বেশি দূরে নয়। তার জন্য অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জানি না, সেদিন আমি ঠিক কী করব। চোখের জল হয়তো আর বাঁধ মানবে না। কারণ, সবাইকে একদিন না একদিন থামতে হয়।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে ৪১ পূর্ণ করবেন রোনাল্ডো। বর্তমানে ক্লাব ও দেশের জার্সিতে ইতিমধ্যেই ৯৫২টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। আপাতত পাখির চোখ হাজার গোলের মাইলফলকে। তবে একইসঙ্গে ২০২৬ বিশ্বকাপে দেশকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর তিনি। তবে বিশ্বসেরা না হলে কি তিনি নিজেকে সর্বকালের সেরা হিসেবে দেখবেন না? প্রশ্নের উত্তর রোনাল্ডো বলেন, ‘আমার সাফল্য শুধুমাত্র একটি ট্রফি দিয়ে বিচার করা ঠিক হবে না। বিশ্বকাপ জেতা সবার স্বপ্ন। তবে মাত্র ৬-৭ টা ম্যাচ খেলা একটা টুর্নামেন্টের উপর কোনওকিছু নির্ভর করবে না।’
২০২৩ সালে ইউরোপ ছেড়ে পাকাপাকিভাবে সৌদি আরবে পাড়ি দেন রোনাল্ডো। তবে আজও ইউরোপিয়ান ফুটবলের লড়াইকে মিস করেন তিনি। একইসঙ্গে জানান, অবসরের পর ফুটবল নিয়েই থাকতে চান তিনি। পাশাপাশি নিজের ব্যবসায় আরও বেশি করে মন দেবেন। কোচিংয়ে আসার তেমন ইচ্ছা নেই সিআরসেভেনের।