Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হোয়াইট হাউসে রোনাল্ডো বন্দনায় ট্রাম্প

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প।

হোয়াইট হাউসে রোনাল্ডো বন্দনায় ট্রাম্প
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রোনাল্ডোকে পেয়ে আপ্লুত। আমার ছোট ছেলে ব্যারন ওর অন্ধ অনুরাগী। রোনাল্ডোর সঙ্গে সাক্ষাতের পর এবার বোধহয় বাবাকে একটু বেশি সম্মান করবে ও।’

Advertisement

সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে আকর্ষণীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অনুষ্ঠানের বড় চমক অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আসলে বর্তমানে সৌদি লিগের প্রধান মুখ রোনাল্ডো। সম্প্রতি আল নাসেরের সঙ্গে আরও দু’বছরের চুক্তি বাড়িয়েছেন তিনি। তাই যুবরাজের পক্ষ থেকেই হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জিওর্জিনা। এছাড়াও বিভিন্ন বহুজাতিক সংস্থার কর্ণধারদের উপস্থিতি অনুষ্ঠানের শোভা বাড়িয়েছে। এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। এই বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে রোনাল্ডোর সেলফি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাত্কারেও পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম করেছিলেন রোনাল্ডো। পাঠিয়েছিলেন নিজের সই করা একটি জার্সিও। 
২০১৭ সালে এক জার্মান পত্রিকায় প্রকাশিত হয়, ২০০৯ সালে লাস ভেগাসের এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তাঁর মুখ নাকি অর্থ দিয়ে বন্ধ করা হয়েছে। তবে পরে কেসটি খারিজ হয়ে যায়। তখন থেকেই আমেরিকাকে এড়িয়ে চলছিলেন রোনাল্ডো। অবশেষে ট্রাম্পের আমন্ত্রণে তাঁকে হোয়াইট হাউসে দেখা গেল। ২০১৪ সালের পর এটাই রোনাল্ডোর প্রথম আমেরিকা সফর। পাশাপাশি আগামী বছর বিশ্বকাপের আসর বসছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। মার্চে আমেরিকার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে রোনাল্ডোর পর্তুগাল। তবে বাছাই পর্বে লাল কার্ডের কারণে মেগা আসরের প্রথম ম্যাচ খেলতে পারবেন না পর্তুগিজ মহাতারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ