


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটানা প্রচার। শিক্ষা প্রতিষ্ঠানে সাই-বাস প্রকল্পের মাধ্যমে সচেতনতা বার্তা। সোশ্যাল মিডিয়ায় সতর্কতা কর্মসূচি। পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ। সাইবার জালিয়াতি দমনে গত পাঁচ বছরে কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। তার ফল মিলল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ প্রকাশিত রিপোর্টে। এই রিপোর্ট তারা তৈরি করেছে ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে। তাতে বলা হয়েছে, দেশের তৃতীয় জনবহুল মেট্রোপলিটন শহর হয়েও সাইবার অপরাধের হার সবচেয়ে কম কলকাতায়। বলা ভালো প্রায় শূন্য। রিপোর্ট অনুযায়ী, কলকাতায় সাইবার অপরাধের হার ০.১। প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের শহরে এই পরিসংখ্যানের বিচারে দেশের সেরা তিলোত্তমা।
গোটা দেশের (মেট্রোপলিটন শহর) নিরিখে সাইবার জালিয়াতিতে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশে মোট সাইবার অপরাধের সংখ্যা ছিল ১৭ হাজার ১১৫টি। পরের দু’বছরে প্রায় দ্বিগুণ হারে বেড়েছে অনলাইন জালিয়াতি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে দেশের এ-ওয়ান শহরগুলিতে মোট সাইবার অপরাধ হয়েছে প্রায় ৩৪ হাজার। যা উদ্বেগ বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। ইতিমধ্যেই সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের বিশেষজ্ঞরা রিপোর্ট খতিয়ে দেখছেন। সাইবার অপরাধের প্রশ্নে ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে শেষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা, দিল্লি শহর (অপরাধের হার ২.৫) ও আমেদাবাদ (অপরাধের হার ৩.৯)।
রিপোর্ট বলছে, কলকাতায় ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে অপরাধ প্রায় ১০ ভাগ কমে গিয়েছে। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে লালবাজার। কলকাতা পুলিশের সাইবার বিভাগের এক আধিকারিক বলেন, লাগাতার প্রচার ও দ্রুত আইনি পদক্ষেপের জেরেই এই সাফল্য মিলেছে। শেষ পাঁচ বছর ধরে ‘হোয়াইট কলার ক্রাইম’-এর ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে লালবাজার। এনসিআরবি জানাচ্ছে, সচেতনতার বার্তা প্রচারের পাশাপাশি সাইবার অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রেও তৎপর কলকাতা পুলিশ। মোট অভিযোগের ৯২ শতাংশ ক্ষেত্রে ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
সাইবার ক্রাইমে এনসিআরবি’র শহরকেন্দ্রিক তালিকায় সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে দেশের দুই ‘প্রযুক্তি হাব’— বেঙ্গালুরু ও হায়দরাবাদ। দেশের এই দুই টেক-সিটিতে সাইবার অপরাধের হার সবচেয়ে বেশি। শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। ঝাঁ চকচকে শহরে অনলাইন অপরাধের হার ২০৭.৪। সাড়ে আট কোটি বাসিন্দার এই শহরে প্রতি এক লক্ষ জনসংখ্যায় সাইবার জালিয়াতির শিকার ১৭ হাজার ৬৩১ জন। ২০২৩ সালের হিসেবে এই শহরে প্রায় ৫০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে বলে খবর। অন্যদিকে, হায়দরাবাদে সাইবার অপরাধের হার ৬২.৭। এই শহরের জনসংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি। এনসিআরবি’র রিপোর্ট, বেঙ্গালুরু ও হায়দরাবাদে সাইবার অপরাধীদের বিরুদ্ধে পুলিশের চার্জশিট দেওয়ার হার কম। মাত্র ১৮ শতাংশ ক্ষেত্রে চার্জশিট জমা পড়েছে আদালতে।