নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অন্তর্বর্তীকালীন জামিনে জেল থেকে মুক্তি পেলেন ক্রিকেটার অভিষেক পোড়েল। উচ্চ আদালতে তাঁর জামিন মঞ্জুর হওয়ায় চন্দননগরের ওই ক্রিকেটার কারামুক্ত হয়েছেন। তাঁর পরিবার সূত্রে ওই তথ্য মিলেছে। তবে বিচারাধীন বিষয় নিয়ে পরিবারের তরফে কেউ মুখ খোলেননি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় তথা বাংলা ক্রিকেটের উদীয়মান বিধ্বংসী ব্যাটসম্যানের বাড়ি হুগলির চন্দননগরে। সম্প্রতি ডাক্তারি পড়ুয়া এক তরুণী হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসসহ একগুচ্ছ অভিযোগ দায়ের করেন। উচ্চ আদালতের নির্দেশে হুগলি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। চুঁচুড়া আদালতের বিচারকের নির্দেশে তাঁর কারাবাসের সাজা হয়। এরপর একাধিকবার নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সম্প্রতি উচ্চ আদালত থেকে অভিষেক জামিন পান।



