Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাবলিনে চুরি ক্রেডিট কার্ড, উধাও ২ হাজার ইউরো, হাইকোর্টের দ্বারস্থ যুবক

সুদূর আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে দুষ্কৃতীর খপ্পরে পড়েন কলকাতার যুবক।

ডাবলিনে চুরি ক্রেডিট কার্ড, উধাও ২ হাজার ইউরো, হাইকোর্টের দ্বারস্থ যুবক
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুদূর আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে দুষ্কৃতীর খপ্পরে পড়েন কলকাতার যুবক। তিন তিনটে ক্রেডিট কার্ড-সহ চুরি হয়ে যায় গোটা ওয়ালেট। আর তাতেই যুবকের খোয়া যায় ২ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যা কি না ১ লক্ষ ৮০ হাজার টাকা। ঘটনায় আপাতত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিলক শঙ্কর মজুমদার নামে ওই যুবক।

Advertisement

বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ২০২৪ সালের অক্টোবর মাসে তাঁর মক্কেল ডাবলিনে ছিলেন। ২০ অক্টোবর তাঁর ওয়ালেট খোয়া যায়। তাতে অন্য সামগ্রীর পাশাপাশি ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও দু’টি বেসরকারি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। যেগুলিতে আন্তর্জাতিক লেনদেনের অপশন চালু করা ছিল। মামলাকারীর দাবি, ক্রেডিট কার্ড খোয়া যাওয়ার পরই তিনি ডাবলিন পুলিসের দ্বারস্থ হন। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই ওই বেসরকারি ব্যাঙ্কে অভিযোগ জানান। অভিযোগ, ব্যাঙ্ক সে সময় অভিযোগ গ্রহণ করলেও পরে জানিয়ে দেয় বিষয়টি নিয়ে তাদের কিছু করার নেই। কারণ কোনওভাবে কার্ডের পিন বা ওটিপি না দিয়ে কোনও লেনদেন সম্ভব নয়। 
অন্যদিকে, ব্যাঙ্কের তরফে পাল্টা দাবি করা হয়, মামলাকারীর তিনটি কার্ড খোয়া যায়। যার মধ্যে দু’টি কার্ড থেকে লেনদেন করা যায়নি। কারণ ওই দু’টি কার্ড সিকিউরিটি কোড দিয়ে বন্ধ করা ছিল। কিন্তু যে কার্ডটি থেকে ওই লেনদেন হয়েছে, সেটির সিকিউরিটি অপশন বন্ধ করা ছিল না। বিষয়টি শোনার পরই বিচারপতি বলেন, এক্ষেত্রে পুলিসি তদন্তের উপর গোটা বিষয়টি নির্ভর করছে। যেহেতু বিদেশের পুলিস এর তদন্ত করছে, তাই এই মামলার আওতায় কীভাবে তা অন্তর্ভুক্ত করা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতত এই ঘটনায় ব্যাঙ্ককে হলফনামা আকারে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত। জুন মাসে মামলার পরবর্তী শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ