জাতীয় সড়কে ফাটল ও ধস, কারণ খুঁজতে বিশেষজ্ঞদের পরিদর্শন
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে ফাটল ও কংক্রিটের রাস্তা বসে যাওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। বারবার মেরামত করেও স্থায়ী সমাধান না মেলায় সমস্যার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে সড়ক পরিদর্শন করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Advertisement

বিশেষ করে বেলদা থানার শ্যামপুরা থেকে পোক্তাপোল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে পরিস্থিতি উদ্বেগজনক। ওই অংশে বায়ুসেনার আপৎকালীন রানওয়ে তৈরি হয়েছে। সেখানেও বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, কোথাও আবার রাস্তা বসে গিয়ে তৈরি হয়েছে নিচু অংশ। বারবার মেরামতির পরেও সমস্যা ফিরে আসায় এবার তার প্রকৃত কারণ অনুসন্ধানে নেমেছে কর্তৃপক্ষ।
পরিদর্শক দলে ছিলেন দু’জন বিশেষজ্ঞ, একজন সড়ক ক্ষয়ক্ষতি বিশেষজ্ঞ, জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর নওয়াজেস আলি এবং প্রজেক্ট হেড সঞ্জয়সুন্দর ঘটক-সহ অন্যান্য আধিকারিকরা। প্রাথমিকভাবে মাটির গঠন ও রাস্তার দু’পাশের নিকাশি ব্যবস্থার সমস্যাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। সেগুলি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান প্রজেক্ট হেড সঞ্জয়সুন্দর ঘটক। তবে শুধু রাস্তার ফাটল নয়, রানওয়ে এলাকায় যান চলাচল নিয়েও বাড়ছে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের উপর রানওয়ে থাকলেও ওই অংশে ডিভাইডার বা পর্যাপ্ত ব্যারিকেড না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণে রানওয়ের দু’পাশে সার্ভিস রোড নির্মাণের দাবিও তুলেছেন তাঁরা।