Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসার শিবপুরে কজওয়েতে ফাটল, অসুবিধায় বাসিন্দারা

কাঁকসার শিবপুরে কজওয়েতে ফাটল, অসুবিধায় বাসিন্দারা
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: কাঁকসার শিবপুরে অজয় নদের জলের তোড়ে আগেই ফাটল দেখা দিয়েছিল কজওয়েতে। রবিবার সেটির একটি অংশ প্রায় ভেঙে যায়। ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী এই কজওয়েতে যাতায়াত করতে গিয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টির জেরে অজয় নদে জল বেড়ে এই ঘটনা ঘটেছে। 

Advertisement

পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের ইলামবাজারে‌ যেতে এই কজওয়ে ব্যবহার হতো। দৈনন্দিন কাজের জন্য যাঁরা রোজ ওই কজওয়ে পেরিয়ে যাতায়াত করেন, সেতুটি ভেঙে যাওয়ায় তাঁদের সমস্যা বেড়েছে। স্থানীয় নিরঞ্জন কুণ্ডু বলেন, হিউম পাইপ এবং মোরাম, বোল্ডার দিয়ে এই অস্থায়ী রাস্তা তৈরি হয়। কিন্তু বর্ষায় ওই রাস্তা ভেসে যায়। এখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কিন্তু বর্ষায় নৌকাও নিয়মিত চলে না। ফলে অজয়ে জল বাড়লে ভোগান্তিও বাড়ে। এক বাসিন্দা বলেন, এর আগে হড়পা বানে অস্থায়ী সেতু ভেঙে মাঝ নদীতে ট্রাক আটকে গিয়েছিল। দুই যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। বর্ষায় আমরা প্রাণ হাতে নিয়ে কজওয়েতে চলাচল করি। স্থানীয়রা জানান, বিকল্প রাস্তা ধরে কাঁকসার এগারো মাইল হয়ে বীরভূম যাওয়া যায়। তবে তাতে খরচ ও সময় দুটোই বেশি লাগে। তবে এর স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশেই তৈরি হয়েছে স্থায়ী সেতু। সামান্য কিছু কাজ এখনও বাকি রয়েছে। তবে সে কাজ শেষ হয়ে গেলে সেতু দ্রুত চালু হবে বলে আশাবাদী কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি বলেন, বাকি কাজ খুব দ্রুত করা হচ্ছে। সেতু চালু হলে এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। এদিন দেখা গেল, নতুন সেতুতে ইটের স্তূপ করে রাস্তা বন্ধ রাখা হয়েছে। তবুও অনেকেই বাধ্য হয়ে স্থায়ী সেতু দিয়ে যাতায়াত করছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ