Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ এপ্রিলও প্রচারে, শাকিব তৃণমূলে যাওয়ায় অবাক সিপিএম

প্রতীক উর রহমানকে ভুলতে না ভুলতেই লাল পার্টিতে আরও একবার বিচ্ছেদের সুর। ভোটের মাঝেই কসবা এলাকার পরিচিত যুবনেতা শাকিব আখতার হাতে তুলে নিলেন জোড়াফুলের পতাকা।

১২ এপ্রিলও প্রচারে, শাকিব তৃণমূলে যাওয়ায় অবাক সিপিএম
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতীক উর রহমানকে ভুলতে না ভুলতেই লাল পার্টিতে আরও একবার বিচ্ছেদের সুর। ভোটের মাঝেই কসবা এলাকার পরিচিত যুবনেতা শাকিব আখতার হাতে তুলে নিলেন জোড়াফুলের পতাকা। একেবারে প্রকাশ্য সভা করে বাংলা নতুন বছরের প্রথম দিন তৃণমূল প্রার্থী জাভেদ খানের উপস্থিতিতে তিনি যোগ দেন তৃণমূলে। শোনা যায়, তিনি একা নন, আরও অনেকেই তাঁর সঙ্গে তৃণমূলে এসেছেন। যদিও কসবার সিপিএম প্রার্থী দীপু দাস শুধুই শাকিবের দলবদলের খবর জানেন। তিনি বলেন, ‘এই তো ১২ তারিখের অনুষ্ঠানেও এসেছিল। পছন্দ হয়েছে, তাই তৃণমূলে চলে গিয়েছে!’ জাভেদ খান বলেছেন, উন্নয়নে শামিল হতেই শাকিবের আগমন। ভোটের মুখে এমন একজন গুরুত্বপূর্ণ নেতার প্রতিপক্ষ দলে চলে যাওয়ায় কি ক্ষতি হল? স্বভাবতই দীপু দাস তা মানতে চাননি। কেন গুরুত্বপূর্ণ ছিলেন শাকিব আখতার? ২০২১ সালে তিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডে। তিনি ডিওয়াইএফআই’র কসবা লোকাল কমিটির সম্পাদক ছিলেন। এমনকি, সিপিএমের কসবা ৪ এরিয়া কমিটিরও সদস্য ছিলেন। রাজ্যস্তরের এক যুবনেতার কথায়, কমিউনিস্ট পার্টিতে থাকতে থাকতে কেউ যদি ব্যক্তিগত উন্নতির কথা ভাবতে শুরু করেন, তাহলেই মুশকিল। সেই তরুণ নেতা বলছিলেন, অল্প বয়সে পার্টি তাঁকে আর কী দেবে? তারপরেও যদি অন্য দলে চলে যায়, কী করা যাবে? তাঁর আরও দাবি, বেশ কয়েকদিন ধরেই পার্টির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন ওই নেতা। তবে ভোটের প্রচারে মাঝে মধ্যে আসছিলেন। কসবার সিপিএম প্রার্থী দীপু দাস বলছিলেন, ‘একজন পার্টি কমরেড অন্য দলে চলে যাক, এটা কখনওই কাম্য নয়। কিন্তু অন্যদল পছন্দ হলে কী আর করা যাবে!’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ