নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছে সিপিএম। তার ফলে ফাটল ধরেছে বামফ্রন্টে। পালটা আরএসপি প্রার্থী দিয়েছে। তবে ২০১১ সালে রেজিনগর কেন্দ্র হওয়ার পর থেকে এই প্রথম সেখানে সিপিএম প্রার্থী দিয়েছে। বিজেপি আবার সিপিএমের এই প্রার্থীকে ‘দলবদলু’ তকমায় বিদ্ধ করছে। সিপিএমের প্রার্থী আইনজীবী সইদ কি সত্যিই এর আগে অন্যদল করেছেন?
একথা ঠিকই যে, সইদ কয়েকবছরের জন্য তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু তিনি কংগ্রেসে কখনো যাননি। সইদ বলছিলেন, ‘আমার পরিবার বামপন্থী। ১৯৯৮ সাল থেকে আমার রাজনীতির জীবন শুরু হয়েছে ডিওয়াইএফ দিয়ে। ২০১৩ সালে সিপিএমের হয়ে জেলা পরিষদের সদস্যও ছিলাম। একথা ঠিক যে, ২০১৬ সালে আমি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর মতাদর্শগত সমস্যার জন্য আমি ২০১৮ সালে ছেড়ে দিয়ে সিপিএমে যোগ দিই।’
কিন্তু কেন তিনি সেইসময়ে তৃণমূলে যোগ দিলেন? পেশায় আইনজীবী সইদের বক্তব্য, ‘চাপের মুখে যেতে হয়েছিল।’ সইদ এখন সিপিএমের রেজিনগর এরিয়া কমিটির সম্পাদক। আজ, শনিবার থেকে তিনি রেজিনগরে প্রচারে নামবেন। তিনি জয়ের বিষয়ে প্রত্যয়ী। কিন্তু এই ‘দলবদলু’ তকমার জন্য সমস্যা হবে না? তাঁর বক্তব্য, ‘আমরা এই প্রথম রেজিনগরে কাস্তে হাতুড়ি তারায় লড়াই করছি। এখানকার মানুষ বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিপিএমকেই বেছে নেবেন। আর অন্য কোনো ইস্যু এখানে নেই।’