নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঁচে থাকাকালীন সকলকে মেলাতেন তিনি। মূত্যুর পরেও মেলালেন তিনি। প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাঁর মূর্তি উন্মোচনে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের নেতারা এক মঞ্চে পাশাপাশি বসলেন। প্রিয়র স্মৃতিচারণায় একগুচ্ছ গল্প তুলে ধরলেন বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়রা। আবার এই মঞ্চ থেকেই বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিএম, কংগ্রেস এবং কালীঘাট তৃণমূলের একজোট হওয়ার কথাও উঠে এল। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে প্রিয়রঞ্জন সশরীরে না থেকেও, থেকে গেলেন তাঁর কর্মকাণ্ড-আলোচনা-চর্চায়। ওই সূত্রেই মঞ্চের পাশে একঝাঁক অনুগামী বলে গেলেন, প্রিয়দা বেঁচে থাকলে বাংলার রাজনীতির এই করুণ অবস্থা দেখতে হত না। শুক্রবার ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৮১ বছর। ২০১৭ সালে তাঁর মৃত্যু হয়েছে। এদিন কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচন করেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। প্রিয়রঞ্জনের সঙ্গে কাটানো রাজনৈতিক সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরেন বর্ষীয়ান নেতারা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, পি আর দাশমুন্সি একটা সময় আমায় বলেছিলেন আপনি আমার সিকিউরিটি। আর আমি আপনার সিকিউরিটি। উনি অন্য রাজনীতিতে বিশ্বাস করতেন। কোনো দিন লাঠালাঠি করেননি। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, প্রিয় বহুত্ববাদে বিশ্বাস করতেন প্রিয়রঞ্জন। কিন্তু আজ সেটার অভাব দেখা যাচ্ছে। বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় উল্লেখ করেন, আগে আমাদের সঙ্গে সিপিএমের স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল। কিন্তু এখনকার মতো হিংসার পরিবেশ ছিল না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, প্রিয়দা মেলাতেন এবং মেলাতে পারতেন। ঠিক এই প্রেক্ষাপটেই একজোট হয়ে বিজেপি-বিরোধী লড়াইয়ের ডাক দেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেই হবে না। সময়ের দাবি হল আমাদের একজোট হয়ে লড়াই করে বিজেপিকে পরাস্ত করতে হবে। একথা শুনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এই মঞ্চে জোট নিয়ে আলোচনা করার জায়গা নয়। তার জন্য অন্যসময় রয়েছে। তবে মানুষের উপর যখন অত্যাচার হয়, তখন পতাকা দেখার দরকার নেই। নিজ নিজ পতাকা নিয়েই সকলের এগিয়ে আসার দরকার। এদিন বিধায়ক মদন মিত্র সাফ জানিয়ে দেন, লোকে আমাকে মমতার লোক বললেও আমি কিন্তু আসলে প্রিয়দার কোম্পানির লোক। আর এনসিপিআই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এখন রাজনীতিতে নেই। খেলার মাঠে বসে থাকি। পাশাপাশি প্রসূনকে কুণাল বলেন, আপনি কেন গদ্দারদের সঙ্গে হাত মেলাতে গেলেন!
প্রিয়রঞ্জনের এই মূর্তিটি তৈরির পুরোভাগে দায়িত্বে ছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। পরে তিনি বিজেপিতে যোগ দেন। এই কারণে এই মূর্তিটি উন্মোচনের পরবর্তী পর্যায়ের দায়িত্ব তুলে নেন গণ সংস্কৃতি সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তী। প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি। (নীচে)। এক মঞ্চে সিপিএম, কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব।



