Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কুণালকে আক্রমণ, নিন্দা সিপিএমের

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় বিধায়ক কুণাল ঘোষের উপর আক্রমণের নিন্দা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

কুণালকে আক্রমণ,  নিন্দা সিপিএমের
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় বিধায়ক কুণাল ঘোষের উপর আক্রমণের নিন্দা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ইস্যুতে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার প্রসঙ্গে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ—‘ফোন করে বোঝাতে চাইলেন, আমি আর বিজেপির হাতে তামাক খাচ্ছি না।’  শনিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর লেখা ‘দেশপ্রেমের খতিয়ান: স্বাধীনতা সংগ্রাম ও বাংলাভাগ’ বইটির উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও মহম্মদ সেলিম। এনবিএ’র কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালবাবুর উপর আক্রমণের প্রসঙ্গে সুজনবাবু বলেন, ‘অনভিপ্রেত ঘটনা। আদালতে আইনজীবী, থানায় প্রাক্তন আইপিএস হেনস্তার শিকার হচ্ছেন। মমতার মতো বিজেপিও একই কাজ শুরু করেছে।’ এদিকে এম এ বেবিকে মমতার ফোনের প্রসঙ্গে সেলিম কটাক্ষের সুরে বলেন, ‘কোনো প্রেমপত্র আদানপ্রদান হয়নি। বামপন্থী দলগুলো আলোচনা করেছে। ২৮ থেকে ২ অক্টোবর গোটা দেশকে আহ্বান জানানো হয়েছে প্রতিবাদ গড়ে তোলার জন্য। সমস্ত রাজনৈতিক দল, যারা বিজেপির হাতে তামাক খায় না, তাদের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পেয়ে সাধারণ সম্পাদককে ফোন করে উত্সাহ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ তিনি একথাও স্পষ্ট করেছেন, এর সঙ্গে একসঙ্গে ভোটে যাওয়ার সম্পর্ক নেই। সেলিমের সংযুক্তি, ‘ফোন করে বোঝাতে চাইলেন, আমি আর তামাক খাচ্ছি না। যারা বলেছিল, সিপিএম শেষ। তাদেরকে রাজনৈতিক ভাবে প্রাসঙ্গিক হতে গেলে, সিপিএমের সঙ্গে কথা বলতে হয় বা খারাপ কথা বলতে হয়। এটাই বাস্তব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ