নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা থেকে বাজেয়াপ্ত করা ৭০ হাজার জন্ম-মৃত্যুর শংসাপত্র দ্রুত ‘ডিজিটাইজড’ এবং ‘স্ক্যান’ করতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। কলকাতা পুলিশের সব ডিভিশনের ডিসিদের মঙ্গলবার সিপি এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ‘ডিজিটাইজড’ এবং ‘স্ক্যান’ পর্ব শেষ হওয়ার পর সাতদিনের রিপোর্ট দিতেও বলা হয়েছে ডিসিদের।
এরাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল আমলে ইস্যু করা জন্ম-মৃত্যু শংসাপত্র যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, এসআইআর পর্বে ইস্যু করা শংসাপত্র নতুন সরকারের সন্দেহের তালিকায় রয়েছে। চার পাতার ওই নির্দেশিকায় সিপি বলেছেন, কলকাতা পুরসভার সদর দপ্তর এবং পুরসভার ১৬টি বরো অফিস থেকে বাজেয়াপ্ত করা প্রায় ৭০ হাজার শংসাপত্র অবিলম্বে ওয়েবেলের সাহায্য নিয়ে ‘স্ক্যানিং’ এবং ‘ডিজিটাইজড’ করতে হবে। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের কম্পিউটার সেলের ওসি এবং যুগ্ম কমিশনার (এপি) বৈভব তেওয়ারিকে এই কাজের জন্য ওয়েবেলের সঙ্গে সমন্বয় রক্ষা করতে নির্দেশ দিয়েছেন সিপি।
উল্লেখ্য, গত ২৩ জুলাই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নির্দেশে কলকাতা পুলিশ এই শংসাপত্র বাজেয়াপ্ত করার কাজে নেমেছিল।