Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সদস্যদের সাইবার সচেতনতার পাঠ, কর্মসূচির সূচনায় সিপি

পুলিশের সঙ্গে আর শুধুমাত্র ফোনে যোগাযোগ নয়। পারস্পরিক সম্পর্ক মজবুত করতে মাসে একবার শহরে একা থাকা প্রবীণদের সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে গল্প করবেন লালবাজারের কর্তারা।

সদস্যদের সাইবার সচেতনতার পাঠ, কর্মসূচির সূচনায় সিপি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিশের সঙ্গে আর শুধুমাত্র ফোনে যোগাযোগ নয়। পারস্পরিক সম্পর্ক মজবুত করতে মাসে একবার শহরে একা থাকা প্রবীণদের সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে গল্প করবেন লালবাজারের কর্তারা। কর্মসূচির নাম ‘প্রণামের আড্ডা’। শনিবার এই কর্মসূচির সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। লালবাজারের প্রণাম প্রকল্পের অন্তর্ভুক্ত প্রবীণদের নিয়ে বেলেঘাটার সুভাষ সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে আড্ডার ছলে প্রবীণ নাগরিকদের সাইবার সচেতনতার পাঠ দেন সিপি। তাঁদের হাতে তুলে দেওয়া হয় লালবাজারের সাইবার বিভাগের বিশেষ লিফলেট— ‘সাইবার পাস’।

Advertisement


এদিন সকালে সুভাষ সরোবরে বেলেঘাটা, ফুলবাগান থানা এলাকার প্রায় ৫০ জন প্রণাম সদস্য আড্ডায় যোগ দেন। সেখানে সিপি বলেন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সবসময়ই একটা দূরত্ব থাকে। শুধুমাত্র প্রয়োজন না থাকলে মানুষ পুলিশের কাছে আসেন না। আমরা চাই বাসিন্দাদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে উঠুক। বিশেষত প্রণামের সদস্যরা বাড়িতে একা থাকেন। তাঁদের নিয়ে যদি একটু হালকা মেজাজে গল্প করা যায়, তাতে প্রবীণরা উপকৃত হবেন। কোনো সমস্যায় পড়লে পুলিশেযোগাযোগ করা আরও সহজ করতেই উদ্যোগ। প্রবীণ নাগরিকদের সাইবার অপরাধ নিয়ে সচেতনও করেন সিপি। তাঁর বার্তা,  ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আতঙ্কের কোনও বিষয় নেই। অনলাইনে কোনও গ্রেপ্তারি হয় না। হোয়াটসঅ্যাপে কোনও সমন বা নোটিস পাঠানো যায় না। কেউ বা কারা এই সব পাঠালে দ্রুত লালবাজারের ‘ডিজিটাল প্রহরী’কে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ কমিশনার।
উল্লেখ্য, ২০২৫ সালে লালবাজারে জমা পড়া সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের নিরিখে তৈরি একটি পরিসংখ্যান তুলে ধরেন সিপি। তিনি বলেন, মোট অভিযোগের প্রায় ৮০ শতাংশ প্রতারিতই প্রবীণ নাগরিক। কারণ প্রবীণরা প্রযুক্তি সম্পর্কে বিশেষ অবহিত নন। তাই তাঁদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। এই প্রসঙ্গে প্রণামের সদস্যদের মনে করিয়ে দেওয়া হয় সাইবার অপরাধ দমনে লালবাজারের টোল-ফ্রি নম্বর— ১৮০০-৩৪৫-০০৬৬। 

Advertisement
সম্পর্কিত সংবাদ