নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরসহ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল হাইকোর্ট। কলেজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আইনজীবী ঋতঙ্কর দাসের করা মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। এদিন রাজ্যের তরফে হলফনামা দিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে। রাজ্যের হলফনামার প্রেক্ষিতে সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের বক্তব্য জানাতে হবে। পরবর্তী শুনানি ৫ অক্টোবর। মামলায় প্রধান বিচাপিতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এটা এমন একটা মামলা যেখানে কোনো পক্ষ আপত্তি করতে পারে বলে মনে করি না। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, পড়ুয়াদের স্বাস্থ্যের মতো ইস্যুতে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজ্যের কাজ ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রদান। সেটা নিশ্চিত করতে হবে। রাজ্য ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রদানে ব্যর্থ হলে কোর্ট পদক্ষেপ করতে বাধ্য হবে।



