নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে আদালতের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। অবশেষে মঙ্গলবার বিকেলে প্রাথমিক রায় জানাল সুপ্রিম কোর্ট। কর্মাশিয়াল পার্টনার বেছে নিতে দ্রুত টেন্ডার ডাকা হবে। গোটা পদ্ধতি ফেডারেশন কর্তারা পরিচালনা করবেন। তবে চূড়ান্ত অনুমোদন দেবে বিচারপতি নাগেশ্বর রাওয়ের কমিটি। স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। অর্থাৎ বকলমে আসল রাশ থাকছে বিচাপতির হাতেই। ১৫ অক্টোবরের মধ্যে টেন্ডার পদ্ধতি শেষ করার কথা। পাশাপাশি ফেডারেশনের নতুন সংবিধান লাগু ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে আরও একটি রায় জানাতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। আপাতত তারই প্রতীক্ষায় রাজধানীর ফুটবল হাউস। তবে সব ঠিকঠাক চললে ডিসেম্বরে শুরু হতে পারে দেশের শীর্ষ লিগ আইএসএল।



