নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোরপোশের বকেয়া পাঁচমাসের টাকা সুদসহ একমাসের মধ্যে বৃদ্ধ বাবাকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ক্ষুব্ধ আদালত। সম্প্রতি শিয়ালদহের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) আদালত ওই নির্দেশ দেয়। ছেলের প্রতি আদালতের মন্তব্য, ‘অভিযোগকারী বৃদ্ধ বাবার টাকা না দিলে আদালত আইনি পদক্ষেপ করবে।’ বিচারকের মন্তব্য, ‘আপনি খাচ্ছেন। আপনার বাবা ঠিকমতো খাওয়া‑দাওয়া ও ওষুধপত্র পাচ্ছেন না। আপনার লজ্জা করে না! মানবিকতা কি হারিয়ে ফেলেছেন?’ উত্তরে বেলেঘাটা মেইন রোডের বাসিন্দা ছেলে তপন সাহা বলেন, ‘কিছু সমস্যার কারণে দিতে পারিনি। এবার দিয়ে দেব। আর একটা ভুল বোঝাবুঝিতে কিছু সমস্যা হয়েছিল। বাবা অভিমান করে দিদির বাড়িতে চলে গিয়েছিলেন। বাবাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই।’ উত্তরে বিচারক বলেন, ‘আগে আপনি বাবার বকেয়া প্রায় ৩০ হাজার টাকা মেটান, তারপর পরবর্তী আইন মেনে যা করার হবে।’ যদিও আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি ছেলে তপনবাবু। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বেলেঘাটা মেইন রোডের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধ স্বপন সাহা ছেলের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে খোরপোশের মামলা দায়ের করেন। বৃদ্ধের অভিযোগ ছিল,‘তাঁর স্ত্রী ছ-বছর আগেই গত হয়েছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলের কাছেই থাকতাম। কিন্তু পরবর্তীকালে ছেলের শ্বশুরবাড়ির নানা ইন্ধনে আমার প্রতি অবজ্ঞা শুরু হয়। আমি বাধ্য হয়ে মানিকতলায় মেয়ে‑জামাইয়ের কাছে চলে আসি।’



