Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় দুর্গাপুর থেকে পায়ে হেঁটে যাত্রা দম্পতির

রাজনীতিতে পটপরিবর্তনের পর বঙ্গে বইছে নতুন হাওয়া। আর সেই আবহে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্তের সাক্ষী রইল শিল্পনগরী দুর্গাপুর।

মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায়  দুর্গাপুর থেকে পায়ে হেঁটে যাত্রা দম্পতির
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: রাজনীতিতে পটপরিবর্তনের পর বঙ্গে বইছে নতুন হাওয়া। আর সেই আবহে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্তের সাক্ষী রইল শিল্পনগরী দুর্গাপুর। সম্প্রতি ই-মেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এক দীর্ঘ পদযাত্রার সিদ্ধান্ত নেন দুর্গাপুরের জব্বরপল্লির বাসিন্দা পৃথীরাজ চক্রবর্তী ও রমা চক্রবর্তী। হাতে পিয়ালা কালীবাড়ির আশীর্বাদী ফুল ও প্রসাদ নিয়ে মঙ্গলবার সস্ত্রীক রওনা দিলেন মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসভবনের উদ্দেশে। আগামী ছ’দিনের মধ্যে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন এই দম্পতি।

Advertisement

সম্প্রতি ই-মেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকির ঘটনার পর উদ্বিগ্ন হয়ে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান পৃথীরাজ চক্রবর্তী। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিয়ালা মায়ের পুজো দিয়ে আশীর্বাদী ফুল ও প্রসাদ পৌঁছে দিতে যাচ্ছি। বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের সমর্থন আমাদের সাহস জুগিয়েছে।
অবশ্য এই যাত্রার পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর আবেগ এবং অতীতের এক রাজনৈতিক সন্ত্রাসের ক্ষত। স্মৃতিতে ডুব দিয়ে পৃথীরাজবাবু জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শুধুমাত্র বাড়ির দেওয়ালে বিজেপির প্রতীক ‘পদ্মফুল’ আঁকার অপরাধে তৎকালীন শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। সেই ঘটনার আতঙ্ক আজও ভুলিনি। তবে আজ রাজ্যে বিজেপির সরকার এসেছে।  শান্তি ও নিরাপত্তা যাতে বজায় থাকে ও কাউকেই যেন আতঙ্কের মধ্যে দিনযাপন করতে না হয়, সেই প্রার্থনাই মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই।
অবশ্য এই পদযাত্রা প্রথম নয়। এর আগেও পদব্রজে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবন এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।  এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে।
এই পদযাত্রাকে সাধুবাদ জানাতে এবং চক্রবর্তী দম্পতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাতে এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। দুই বিধায়ক শুধুমাত্র তাঁদের যাত্রার সাফল্যই কামনা করেননি, বরং তাঁদের উৎসাহ দিতে দম্পতির সঙ্গে কিছু পথ পায়ে হেঁটে যাত্রাও করেন।
বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যাত্রাপথে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেউ যদি সপরিবারে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যান, তবে সেই আবেগকে শ্রদ্ধা জানাই। ওঁরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যদি দুর্গাপুরের সার্বিক উন্নয়নের জন্য কোনো আবেদন করেন, তবে তা খুব  ভালো বিষয়।  মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে পায়ে হেঁটে পাড়ি দিলেন দুর্গাপুরের দম্পতি পৃথ্বীরাজ ও রমা চক্রবর্তী।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ